গ্রেপ্তারি পরোয়ানার তথ্য জানা নেই পুলিশের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানার একটি ধর্ষণ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গত সোমবার জুয়া খেলার আসর থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আটক করে ওই থানায় সোপর্দ করে। অভিযোগ রয়েছে, পুলিশ গ্রেপ্তারি পরোয়ানার তথ্য গোপন করে মামুন নামের ওই আসামিকে জুয়া আইনে গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করে। গতকালই মামুন জামিনে মুক্তি পেয়ে আবার পালিয়েছেন।মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ১১ নভেম্বর রাতে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে রফিকুল ইসলাম (২০), মামুন (২২), দুলাল হোসেন (২০) ও রুবেল (২২) নামের চার যুবক এক কিশোরীকে (১৫) ধর্ষণ করে। এ ঘটনার পরদিন কিশোরী বাদী হয়ে ওই চারজনের নাম উল্লেখ করে সোনাডাঙ্গা থানায় ধর্ষণের অভিযোগে মামলা করে। মামলার তদন্ত কর্মকর্তা ফারুকুল ইসলাম ওই বছরের ১১ ডিসেম্বর রফিকুল ইসলাম, মামুন ও দুলালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর রফিকুল ও দুলালকে পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে দুলাল জামিনে এবং রফিকুল জেলহাজতে আছেন। ঘটনার পর থেকে মামুন পলাতক ছিলেন। তিনি সোনাডাঙ্গা থানার দারুল আমান মহল্লার জামে মসজিদ সড়কের বাসিন্দা।পুলিশ ও আইনজীবী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে র্যাব সদস্যরা সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে জুয়া খেলার আসর থেকে মামুনকে আটকের পর সোনাডাঙ্গা থানা পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে ধর্ষণ মামলার কয়েকজন সাক্ষী ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা কমিটির সমন্বয়কারী আইনজীবী মো. মোমিনুল ইসলাম থানা পুলিশকে মামুন সম্পর্কে তথ্য দেন।আইনজীবী মোমিনুল ইসলাম প্রথম আলোকে জানান, মামুন গ্রেপ্তার হওয়ার পর সোমবার বিকেলে থানায় একাধিকবার ফোন করে কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমানকে জানানো হয়। কিন্তু তিনি গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি এড়িয়ে যান।