নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, পুলিশ বাহিনী নির্বাচনী কাজের জন্য নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত আছে। তবে পুলিশ যদি কাউকে গ্রেপ্তার করতে চায়, সে ক্ষেত্রে কমিশনের কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। গতকাল মঙ্গলবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম গতকাল সাংবাদিকদের বলেন, প্রার্থীদের মামলার তথ্য রাতের মধ্যে (গত রাতে) নির্বাচন কমিশনে পাঠানো হবে। প্রার্থীদের মধ্যে যাঁদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা আছে বা যাঁরা জামিন না নিয়ে পালিয়ে থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে পুলিশের গ্রেপ্তারি অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আজ বুধবার ও কাল বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে। এতে কেউ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হলে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হবে। আইন অনুযায়ী কোনো প্রার্থী আদালত কর্তৃক ফেরার ঘোষিত হলে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন।
গতকাল আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের শাহনেওয়াজ বলেন, আইনেই বলা আছে কে প্রার্থী হবেন, কীভাবে নির্বাচন করবেন। আইনে যা আছে, সেভাবেই কাজ হবে। সিটি করপোরেশন নির্বাচনে সবার জন্য সমান সুযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই কমিশন ছয়টি সিটি করপোরেশন নির্বাচন করেছে। সব কটি সুষ্ঠু হয়েছে। এবারও নির্বাচন স্বচ্ছ হবে বলে আশা করছি। কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন এবং বিষয়টি যদি কমিশনের নজরে আসে, সে ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
মিন্টো রোডে নিজ কার্যালয়ে মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রার্থীদের কারও বিরুদ্ধে কোনো ধরনের ফৌজদারি মামলা মুলতবি আছে কি না, সে বিষয়ে তথ্য চেয়ে নির্বাচন কমিশন থেকে চিঠি দেওয়া হয়েছে। প্রার্থীদের এই তথ্য কমিশনে পাঠানো হবে। এ ছাড়া মনোনয়নপত্র বাছাইয়ের সময়ে পুলিশ বিভাগ থেকে একাধিক প্রতিনিধি আসামিদের মামলার কাগজপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে উপস্থিত থাকবেন। তিনি বলেন, আইন অনুযায়ী পুলিশ বিভাগ এখন নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত। সুতরাং নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় এবং ভোটাররা যাতে শান্তিতে ও সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, পুলিশ বিভাগ তা নিশ্চিত করবে। চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। এ ছাড়া সন্ত্রাসীদের মধ্যে যারা জামিনে আছে বা অতীতে যাদের বিরুদ্ধে সন্ত্রাস আইনে মামলা ছিল, তাদের কড়া নজরদারিতে রাখা হবে। নির্বাচনে কেউ নাশকতা চালালে বা চালানোর চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে।
প্রার্থীদের মামলার তথ্য সম্পর্কে জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, ঢাকা সিটিতে ৪৯টি থানা। প্রার্থীদের যে কারও নামে যেকোনো থানায় মামলা থাকতে পারে। ঢাকার বাইরেও মামলা থাকতে পারে। পুলিশের জানামতে, কাউন্সিলরদের অনেকের নামে মামলা আছে। একজন মেয়র প্রার্থীর বিরুদ্ধেও ৩০-৩৫টি মামলা আছে। সব তথ্য সংগ্রহ করা হচ্ছে। কমিশনই সিদ্ধান্ত নেবে, কে যোগ্য আর কে অযোগ্য প্রার্থী।