গ্রেপ্তারের আশঙ্কায় মাহমুদুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্র ভেঙে পড়েছে দাবি করে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, শাহবাগ রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র। সেখানে কোনো আইন মানতে হয় না। শাহবাগে আদালত অবমাননা করলেও সুয়োমোটো হয় না। হত্যার হুমকি দিলেও কিছু হয় না।যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন, এমন আশঙ্কা প্রকাশ করে মাহমুদুর রহমান বলেন, ‘কাল দেখা হবে কি না, জানি না। তবে যে সাংস্কৃতিক বিপ্লব শুরু হয়েছে, আমাকে গ্রেপ্তার করে তা থামানো যাবে না।’ তিনি গতকাল রাতে তাঁর পত্রিকার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।শাহবাগের গণজাগরণ মঞ্চ নিয়ে অন্য সংবাদমাধ্যমগুলো ‘অ্যাকটিভিস্ট’-এর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান। এক প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান বলেন, কখন কী ছাপা হবে, সেটা তাঁর সম্পাদকীয় নীতি। এতে কারও হাত নেই। ব্লগার আহমেদ রাজীব হায়দারের মৃত্যুর পর তাঁর বিরুদ্ধে কুৎসা রটানো কতটা রুচিশীল সাংবাদিকতা জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো লেখার কারণেই শাহবাগে মঙ্গলপ্রদীপ সংস্কৃতির বদলে নামাজ পড়া শুরু হয়।’