গ্রেপ্তারের আড়াই বছর পর সাজার পরোয়ানা জারি
মামলার রায় হয়েছে ২০০২ সালের ১৮ মে। রায়ে পলাতক আসামি কাজী নাসিরসহ পাঁচজনকে তিন বছর এক মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। কাজী নাসিরকে ২০০৭ সালের ৪ ডিসেম্বর গ্রেপ্তার করে পুলিশ আদালতে পাঠায়। আদালত সেদিন সাজা পরোয়ানা জারি না করে তাঁকে অন্তর্বর্তীকালীন হাজতি আসামি হিসেবে কারাগারে পাঠান। তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি হয়েছে গত ১৮ জুলাই।কারা কর্তৃপক্ষ বলেছেন, কারাবিধি অনুযায়ী সাজা পরোয়ানা জারির তারিখ (১৮ জুলাই) থেকে রায় কার্যকর হয়েছে। সেদিন থেকে আসামিকে তিন বছর এক মাস সাজা খাটতে হবে। অর্থাৎ আসামি সাজা পরোয়ানা জারির আগ পর্যন্ত আড়াই বছরের বেশি সময় কারাগারে থাকলেও তা সাজা ভোগ হিসেবে ধরা হবে না।সংশ্লিষ্ট সূত্র জানায়, কাজী নাসির রয়েছেন গাজীপুরের কাশিমপুর কারাগারে। আহসান হাবিব নামের এক ব্যক্তি ১৯৯৬ সালে মারধর ও চুরির অভিযোগে সাভার থানায় ওই মামলা করেন। তদন্ত শেষে পুলিশ কাজী নাসিরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ২০০২ সালের ১৮ মে ঢাকার দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন চুরি, মারধরসহ তিনটি ধারায় আসামিদের প্রত্যেককে তিন বছর এক মাস করে কারাদণ্ডের আদেশ দেন। রায়ে বলা হয়, ‘এই দণ্ড একের পর এক পর্যায়ক্রমে চলবে এবং আসামিরা গ্রেপ্তার হওয়ার তারিখ থেকে দণ্ড কার্যকর হবে।’ নাসির ঢাকার সাভার থানার চাপাইন গ্রামের ইস্রাফিলের ছেলে।সূত্র জানায়, আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কাশিমপুর কারা কর্তৃপক্ষকে আসামির (কাজী নাসির) বিষয়ে প্রতিবেদন দিতে বলেন। এরপর কারা কর্তৃপক্ষ ৩০ জুন সাজা কার্যকরের জন্য সাজা পরোয়ানা চেয়ে আবেদন করে। ওই আবেদনে বলা হয়, হাজতি নং ৫৪৫/০৮ কাজী নাসিরকে হাজতের পরোয়ানা মূলে ২০০৭ সালের ৪ ডিসেম্বর কারাগারে পাওয়া যায়। বিচারের নিমিত্তে তাঁকে দীর্ঘদিন ধরে আদালতে হাজির না করানোয় কারা কর্তৃপক্ষ আদালতে যোগাযোগ করে জানতে পারে, ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে সাজা দিয়েছেন। ঢাকার মুখ্য বিচারিক হাকিম ১৮ জুলাই নাসিরের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।প্রসঙ্গত, ১৬ জুলাই প্রথম আলোয় ‘সাজার মেয়াদ শেষ হলেও হাজতি সাজা খাটছে’ শিরোনামে এ নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়।কাজী নাসিরের পক্ষে বর্তমানে মামলা পরিচালনা করা বাংলাদেশ লিগ্যাল রিফর্ম প্রজেক্টের জেলা আইন-সহায়তা প্রদান কমিটির আইনজীবী আশরাফুল আলম বলেন, আসামি কাজী নাসির ২০০৭ সালের ৪ ডিসেম্বর গ্রেপ্তার হলেও আদালত সাজা পরোয়ানা জারি না করায় দীর্ঘদিন রায় কার্যকর হয়নি। কারা কর্তৃপক্ষ বলেছে, আদালতের সাজা পরোয়ানা জারির তারিখ থেকে রায় কার্যকর হবে। ফলে তাঁকে আবার পুরো সাজা খাটতে হবে। বিনা কারণে আড়াই বছরের বেশি সময় তাঁর কারাগারে কাটানোর কী হবে? এ দায় কার?সুপ্রিম কোর্টের আইনজীবী ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কৌঁসুলি এ বি এম আবদুল ফাত্তাহ প্রথম আলোকে বলেন, এ ক্ষেত্রে কারা কর্তৃপক্ষের কিছু করার নেই। কারা কর্তৃপক্ষ আদালতের নির্দেশ অনুযায়ী রায় কার্যকর করবে। সাজা পরোয়ানা জারি করা আদালতের দায়িত্ব। এ বিষয়ে কাশিমপুর কারাগারের জেলার আবুদল বারেকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা জেল সুপার বলতে পারবেন।