গ্রেপ্তারের এক ঘণ্টা পর বিএনপি নেতার মৃত্যু
বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি মাকসুদুল হক পুলিশ হেফাজতে মারা গেছেন। আজ মঙ্গলবার বাড়ি থেকে গ্রেপ্তারের ঘণ্টা খানেক পর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
স্বজনদের দাবি, পুলিশ নির্যাতন করে মাকসুদুলকে হত্যা করেছে। তবে পুলিশ বলছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মাকসুদুল মারা গেছেন।
মাকসুদুল হকের মা পিয়ারা বেগম প্রথম আলোকে বলেন, বেলা তিনটার দিকে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান তিনজন কনস্টেবল নিয়ে তাঁদের সাবরুল গ্রামের বাড়িতে আসেন। কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাঁরা মাকসুদুলকে জাপটে ধরে মারধর শুরু করেন। এ সময় এক কনস্টেবল রাইফেলের বাঁট দিয়ে মাকসুদুলের বুকে আঘাত করেন। মাথায় পিস্তল ধরে মারধর করতে করতে টেনেহিঁচড়ে পুলিশ তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায়। ঘণ্টা খানেক পর মোবাইলে পুলিশ জানায়, মাকসুদুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে যাওয়ার পর পুলিশ মাকসুদুলকে ফেলে পালিয়ে যায়। একটু পর জানতে পারেন মাকসুদুল মারা গেছেন।
আনিছুর রহমান বলেন, মাকসুদুল হকের বিরুদ্ধে গত শনিবার শাজাহানপুর থানায় তাঁর প্রতিবেশী এনামুল হক পুকুর থেকে মাছ ধরার অভিযোগে মামলা করেন। এ মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। মারধরের প্রশ্নই আসে না। ফাঁড়িতে নিয়ে আসার পথে তিনি বুকে ব্যথা অনুভব করছেন জানালে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্বজনদের হাসপাতালে ডেকে এনে তাঁদের জিম্মায় দিয়ে পুলিশ চলে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাকসুদুল মারা যান।
উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল বাশার বলেন, পুলিশ পরিকল্পিতভাবে মাকসুদুলকে হত্যা করেছে বলে তাঁর পরিবার দলের কাছে অভিযোগ করেছে।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক নির্মলেন্দু চৌধুরী বলেন, রোগীকে হাসপাতালে নিয়ে আসার পর ইসিজিতে হৃদ্রোগ ধরা পড়ে। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন নজরে আসেনি। ময়নাতদন্ত করার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল প্রথম আলোকে বলেন, শাজাহানপুর থানার পুলিশ জানিয়েছে হৃদ্রোগেই আসামির মৃত্যু হয়েছে। পরিবার অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।