গ্রেপ্তারের কারণ জানাতে হবে, রিমান্ডে নির্যাতন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরোয়ানা ছাড়া গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ-সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের নির্দেশনা দিয়ে প্রায় ১৩ বছর আগে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত।
আইনজীবীরা বলছেন, সর্বোচ্চ আদালতের এই রায়ের ফলে ৫৪ ও ১৬৭ ধারার অপপ্রয়োগ বন্ধ হবে। ৫৪ ধারায় কাউকে গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ স্বেচ্ছাচার করতে পারবে না। আবার এই ধারায় গ্রেপ্তার কাউকে নিবর্তনমূলক আটকাদেশ দেওয়া যাবে না। ১৬৭ ধারায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ হবে স্বচ্ছ প্রক্রিয়ায়। জিজ্ঞাসাবাদের নামে কাউকে নির্যাতন করতে পারবে না পুলিশ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল মঙ্গলবার এই রায় দেন। আদালত বলেছেন, ৫৪ ও ১৬৭ ধারার কয়েকটি বিষয় সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় হাইকোর্ট কয়েক দফা সুপারিশ করেছিলেন। এ ক্ষেত্রে কিছু পরিবর্তন থাকবে। ৫৪ ও ১৬৭ ধারা প্রয়োগের বিষয়ে একটি নীতিমালা করে দেওয়া হবে।
হাইকোর্টের দেওয়া রায়ে নির্দেশনাগুলোর মধ্যে ছিল, ৫৪ ধারায় গ্রেপ্তার কাউকে নিবর্তনমূলক আটকাদেশ দেওয়া যাবে না। কাউকে গ্রেপ্তার করার সময় পুলিশ তাঁর পরিচয়পত্র দেখাতে বাধ্য থাকবে। গ্রেপ্তারের তিন ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে কারণ জানাতে হবে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে কারাগারের ভেতরে কাচ দিয়ে নির্মিত বিশেষ কক্ষে জিজ্ঞাসাবাদ করতে হবে। কক্ষের বাইরে তাঁর আইনজীবী ও নিকটাত্মীয় থাকতে পারবেন। জিজ্ঞাসাবাদের আগে ও পরে ওই ব্যক্তির ডাক্তারি পরীক্ষা করাতে হবে।
প্রায় দেড় যুগ আগের একটি ঘটনায় করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল আপিল বিভাগের এই রায় দেওয়া হলো। রায়ের সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, শাহদীন মালিক, ইদ্রিসুর রহমান, সারা হোসেন প্রমুখ।
রায়ের পর সন্তোষ প্রকাশ করে কামাল হোসেন সাংবাদিকদের বলেন, এটি একটি যুগান্তকারী রায়। এই রায়ের মধ্য দিয়ে গ্রেপ্তার, আটক, রিমান্ড ও জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। তিনি বলেন, ঊনবিংশ শতাব্দীতে প্রচলিত অন্যায় গ্রেপ্তার, বেআইনি জিজ্ঞাসাবাদ, আটক ও অত্যাচারের ঔপনিবেশিক ও সংবিধানবিরোধী চর্চার অবসান ঘটিয়ে একবিংশ শতাব্দীর উপযোগী সাংবিধানিক সুরক্ষা প্রতিষ্ঠায় এই রায় বিশেষ অবদান রাখবে।
আমীর-উল ইসলাম বলেন, সরকারপক্ষের আপিল খারিজ হয়ে যাওয়ায় হাইকোর্টের নির্দেশনা ও আপিল বিভাগের রায়ের আলোকে সংশ্লিষ্ট আইনের সংশোধন আবশ্যক।
রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের বলেন, মানুষের উপকারে ফৌজদারি কার্যবিধি যদি আরও সংশোধনের প্রয়োজন হয়, তাহলে তা করা হবে। আদালতের নির্দেশনা অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করা কঠিন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫৪ ধারা একটি জরুরি বিধান। এটি কীভাবে ব্যবহার করবেন, তার ওপর নির্ভর করে এর ভালো-মন্দ। তাই বলে ৫৪ ধারা খারাপ, এটা বলা কঠিন। ৫৪ ধারা তখনই প্রয়োগ করা উচিত, যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করবে, যাঁকে গ্রেপ্তার করা হচ্ছে তিনি একটি অপরাধ করতে যাচ্ছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের নির্দেশনা দিয়ে সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন, তা যথাযথভাবে পালন করা হবে। পূর্ণাঙ্গ রায় এলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ফৌজদারি কার্যবিধিতে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, পুলিশের কারা ও কীভাবে গ্রেপ্তার করতে পারবেন।
শফিক রেহমানকে গ্রেপ্তারের সময় এ বিষয়টি মানা হয়নি বলে অভিযোগ আছে—সাংবাদিকদের এ কথার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিচয় দিয়েই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া দলপতি কিন্তু পোশাক পরেই গেছেন।
রিট মামলার বিবরণে জানা যায়, ১৯৯৮ সালে রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র শামীম রেজা রুবেলকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২৩ জুলাই মিন্টো রোডে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে তাঁর মৃত্যু হয়। প্রায় একই সময়ে সীমা চৌধুরী নামের এক তরুণী চট্টগ্রামের রাউজানে পুলিশ হেফাজতে ধর্ষণের শিকার হন ও পরে মারা যান এবং অরুণ চক্রবর্তী নামের এক যুবক রাজধানীর রমনা থানায় পুলিশ হেফাজতে মারা যান।
পুলিশ হেফাজতে রুবেলের মৃত্যুর পর বিচারপতি হাবিবুর রহমান খানের নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে সরকার। কমিশনের তদন্ত প্রতিবেদনে ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের পক্ষে ১১ দফা সুপারিশ করা হয়। কিন্তু এসব সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় ৫৪ ও ১৬৭ ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করে মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র (আসক), সম্মিলিত সামাজিক আন্দোলন, অরুণ চক্রবর্তীর স্ত্রীসহ কয়েকজন বরেণ্য ব্যক্তি।
ওই রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ২০০৩ সালের ৭ এপ্রিল বিচারপতি মো. হামিদুল হক ও বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে ছয় মাসের মধ্যে ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের জন্য সাত দফা সুপারিশ করা হয়। একই সঙ্গে আদালত ১৫ দফা নির্দেশনা দিয়ে রায়ে বলেন, আইন সংশোধনের আগেই এই ১৫ দফা নির্দেশনা মেনে চলতে হবে।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে (লিভ টু আপিল) রাষ্ট্রপক্ষ আবেদন করলে ২০০৪ সালে তা মঞ্জুর হয়। তবে হাইকোর্টের নির্দেশনা আপিল বিভাগ স্থগিত করেননি। পরে রাষ্ট্রপক্ষ আপিল করে। চলতি বছরের ২২ মার্চ রাষ্ট্রপক্ষের আপিলের ওপর শুনানি শুরু হয়, ১৭ মে শেষ হয়। ওই দিন আপিল বিভাগ রায় ঘোষণার জন্য গতকাল দিন ধার্য রেখেছিলেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এখন আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করতে হবে। আপিল বিভাগ যেসব নির্দেশনা দেবেন, তার আলোকে আশা করি সরকার পদক্ষেপ নেবে। আসামিদের ধরার বিষয়ে কী কী করতে হবে, এ নিয়ে আদালতের নির্দেশনাগুলো বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারকে সামনের দিকে এগোতে হবে। তিনি বলেন, সব সময় আগে থেকে মামলা করে আসামি ধরা যায় না। অপেক্ষা করে বসে থাকলে আসামি পালাবে। যেমন যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদ গ্রেপ্তারের নির্দেশ শুনে পালিয়েছেন। একেক ঘটনায় একেক ধরনের পদক্ষেপ নিতে হয়। তবে যেটাই নেওয়া হোক না কেন, তা আদালতের নির্দেশের আলোকে নিতে হবে। আদালতও আশা করি বাস্তব অবস্থা বিবেচনা করবেন।
প্রতিক্রিয়া জানতে চাইলে রুবেলের বড় ভাই ইফতেখার উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘৫৪ ধারা একটি কালো আইন এবং আমরা ভেবেছিলাম আদালত এটি বিলুপ্ত করবেন। রুবেল মারা গিয়েছিল আটকের দেড় ঘণ্টার মধ্যে। পুলিশকে তাই গ্রেপ্তারের কারণ জানাতে তিন ঘণ্টা সময় দেওয়ার প্রয়োজন ছিল না।’