দৈনিক ইত্তেফাক-এর ময়মনসিংহের নান্দাইল প্রতিনিধি মো. শাহ আলম ভূঁইয়ার ওপর হামলাকারী আওয়ামী লীগের নেতা মো. নাজিম উল্লাহকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকেরা। এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন শেরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এবং চণ্ডীপাশা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক।কয়েকজন সাংবাদিক জানান, বেলা একটার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে নাজিমকে গ্রেপ্তারের দাবিসংবলিত ব্যানার হাতে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা মানববন্ধন করেন। পরে জিয়া হলের সামনে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন হান্নান মাহমুদ, ফজলুল হক ভূঁইয়া, এনামুল হক প্রমুখ। এ সময় বক্তারা বলেন, জুয়ার বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে নাজিম সাংবাদিক শাহ আলমের হাত-পা কেটে ফেলার হুমকি দেন। এরপর শাহ আলম থানায় জিডি করেও নিরাপত্তা পাননি। পরে ওই নেতা গত শনিবার শাহ আলমকে মারধর করে গুরুতর আহত করেন। ওই নেতাকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিকেরা। হামলার ঘটনায় শাহ আলম শনিবার রাতে মামলা করেছেন। ওসি খন্দকার জাহিদুল ইসলাম বলেন, নাজিমকে গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশ ও র্যাব বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।