গ্রেপ্তারের দুই ঘণ্টা পর আসামিকে ছেড়ে দিল পুলিশ
চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় দায়ের করা একটি মামলার তিন আসামিকে গতকাল সোমবার সকালে গ্রেপ্তার করে পুলিশ। এর মাত্র দুই ঘণ্টা পর এক আসামিকে ছেড়ে দেওয়া হয়। অন্য দুজনকে আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে। মামলার বাদী মো. মাসুদ বলেন, হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে ২৬ জুন তিনি ৩২ জনকে আসামি করে সদর থানায় ওই মামলা দায়ের করেন। ওই মামলার তিন আসামি সদর উপজেলার শিমুলতলা গ্রামের আবু হানিফ, পিয়ারপুরের রণজিৎ আলী ও মসজিদপাড়ার বিলাত আলীকে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে গ্রেপ্তার করে পুলিশ। এর দুই ঘণ্টা পর আবু হানিফ ও রণজিৎকে আদালতে নেওয়া হয়। কিন্তু বিলাতকে ছেড়ে দেয় পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মর্ত্তুজা জানান, বিলাত এজাহারভুক্ত আসামি হলেও ঘটনার সঙ্গে জড়িত নন বলে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।