গ্রেপ্তারের পর আসামিকে ছেড়ে দেওয়া হলো
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত হাসান মিয়া নামের এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পর পুলিশ তাঁকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও ওই আসামির সঙ্গে কথা বলে জানা গেছে, বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন গত সোমবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলা সদরের প্রতাপগঞ্জ বাজারের একটি দোকান থেকে হাসান মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। এর কিছুক্ষণ পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
গতকাল দুপুরে যোগাযোগ করা হলে হাসান মিয়া বলেন, ‘এসআই দেলোয়ার সাহেব আমাকে ধরে থানায় নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আমাকে থানা থেকে ছেড়ে দেয় পুলিশ। ওপর থেকে বড় ভাইকে দিয়ে ফোন করানোর কারণে পুলিশ ছেড়ে দেয়। কোনো টাকাপয়সা দিতে হয়নি।’
মামলাসূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৪ ডিসেম্বর উপজেলার কালিকাপুর গ্রামের আবদুছ ছালামের মেয়ে ফাতেমা বেগমকে কুপিয়ে জখম করা হয়। ওই ঘটনায় আবদুছ ছালাম বাদী হয়ে হাসান মিয়াসহ তিনজনকে আসামি করে বাঞ্ছারামপুর থানায় মামলা করেন। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন অধিকতর তদন্ত করে ২০১১ সালের ১২ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই মামলায় আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আসামি হাসানকে ছেড়ে দেওয়ার ব্যাপারে জানতে চাইলে বাঞ্ছারামপুর থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানা থাকায় হাসান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। আমি তাঁকে থানায় রেখে বাইরে চলে গেলে ওসি স্যার তাঁকে ছেড়ে দিয়েছেন। ভাই এর বেশি কিছু বলতে পারব না প্লিজ।’
অভিযোগ অস্বীকার করে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, এসআই দেলোয়ার আসামি ধরতে গিয়েছিলেন। আসামিকে না পেয়ে তিনি থানায় ফিরে আসেন।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান বলেন, তিনি ঘটনাটি জানেন না। খোঁজ নিয়ে বিষয়টি জেনে ব্যবস্থা নেবেন তিনি।