গ্রেপ্তারের পর কারাগারে বেসিক ব্যাংকের সাবেক তিন কর্মকর্তা
বেসিক ব্যাংক ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায় গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির সাবেক তিন কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। আগামী রোববার তাঁদের রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত।
ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায় তদন্তের অংশ হিসেবে আজ প্রতিষ্ঠানটির সাবেক তিন কর্মকর্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁরা হলেন ব্যাংকটির সাবেক দুই উপব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান ও মো. সেলিম এবং সহকারী মহাব্যবস্থাপক শিপার আহমেদ। ইতিমধ্যে তিনজনকে বেসিক ব্যাংক বরখাস্ত করেছে।
জিজ্ঞাসাবাদের পর এই তিনজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। দুদক তাঁদের প্রত্যেককে সাত দিন করে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন জানায়। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক কায়সার-উল ইসলাম আগামী রোববার রিমান্ড আবেদনের বিষয়ে শুনানির দিন ধার্য করেন। আর এই তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বেসিক ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় গত বছরের সেপ্টেম্বরে ৫৬টি মামলা করে দুদক। এই তিনজন কয়েকটি মামলার আসামি।
আরও পড়ুন: