রাজধানীর বাড্ডায় চার খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া ছয়জনকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম এমদাদুল হক এই আদেশ দেন।
গতকাল ছয় আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত প্রত্যেককে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
গতকাল যাঁদের রিমান্ড দেওয়া হয় তাঁরা হলেন হারুন অর রশিদ ওরফে জুয়েল, মোজাহিদুল ইসলাম, সাফায়েত উল্লাহ, রাহাত হোসেন ওরফে কাব্য, ইকবাল আহম্মেদ ও শাহ পরান হোসেন। গত শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এই ছয়জনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ২টি পিস্তল ও ৪টি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি অস্ত্র মামলা করা হয়। ওই অস্ত্র মামলায় হারুন অর রশিদ ও মোজাহিদুল ইসলামকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত এই দুজনকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
গত বছরের ১৩ আগস্ট রাতে বাড্ডার আদর্শনগর পানির পাম্পের কাছে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীকে লক্ষ্য করে গুলি করেন কিছু অস্ত্রধারী ব্যক্তি। ওই ঘটনায় আহত ঢাকা উত্তরের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শামসুদ্দিন মোল্লা ও ফিরোজ আহমেদ মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান ও রিকশা গ্যারেজের মালিক, ওয়ার্ড যুবলীগের নেতা আবদুস সালামও মারা যান। এ ঘটনায় মাহবুবুরের বাবা মতিউর রহমান ১৪ আগস্ট বাড্ডা থানায় একটি হত্যা মামলা করেন।