গ্রেপ্তারের পর জামিনে মুক্ত উপজেলা চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী গতকাল বুধবার গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি পেয়েছেন। সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম গত মঙ্গলবার রাতে চেয়ারম্যান সুলতানুল ফেরদৌসের বিরুদ্ধে মামলা করেন। শিক্ষা কর্মকর্তার অভিযোগ, মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদে একটি প্রকল্পের সভায় চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস প্রকল্প পরিচালনা খরচ কেন ছাড় করা হয়নি, তা জানতে চান। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ থেকে চেয়ারম্যান সুলতানুল ফেরদৌসকে গ্রেপ্তার করে পুলিশ। বেলা দুইটার দিকে তাঁকে ঠাকুরগাঁও মুখ্য বিচারক হাকিম জুলফিকার আলী খানের আদালতে নেওয়া হয়। আদালত ৩০ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন। জামিনে মুক্তির পর উপজেলা চেয়ারম্যানকে নিয়ে তাঁর সমর্থকেরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। পরে চৌরাস্তা মোড়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা হয়। বিকেল চারটার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস। সেখানে তিনি বলেন, রস্ক প্রকল্পের বাস্তবায়নকারী বেসরকারি সংস্থার প্রতিনিধিরা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে তাঁর হস্তক্ষেপ চেয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে তিনি শিক্ষা কর্মকর্তাকে তাঁর কার্যালয়ে ডেকে অভিযোগ সম্পর্কে জানতে চেয়েছিলেন। শিক্ষা কর্মকর্তাকে মারধর করা হয়নি বলে দাবি করেন তিনি। শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম বলেন, ‘চেয়ারম্যান নিয়ম না মেনে বরাদ্দের টাকা ছাড় করাতে আমাকে চাপ দেন। এতে রাজি না হওয়ায় মারধর করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে মামলা করি।’পুলিশ সুপার মো. শাহ আলম বলেন, ‘চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।’