রাজশাহী কলেজের তিন ছাত্রী নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া বাসচালক ও দুই হেলপার (চালকের সহকারী) গতকাল বৃহস্পতিবার বিকেলে জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল সকালে তাঁদের নগরের শিরোইল বাস টার্মিনাল থেকে গ্রেপ্তার করেছিল মতিহার থানা পুলিশ।
জামিনে মুক্তি পাওয়া এই তিনজন হলেন: ইসলাম পরিবহনের চালক আবদুল বাতেন (৪৫), হেলপার ইমরান হোসেন (২৭) ও দুর্ঘটনাকবলিত লাকি পরিবহনের হেলপার ইজাবুল (৪৫)।
গ্রেপ্তারের পর দুপুরে তিনজনকে রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে সোপর্দ করা হয়। পরে মহানগর হাকিম আদালত-৩-এর বিচারক শারমিন আক্তার তাঁদের জামিনের আদেশ দেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় লাকি পরিবহনের চালক আবদুল রাজ্জাককে (৪৫) মেহেরচণ্ডী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনিও জামিনে মুক্তি পান বুধবার।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ইসলাম পরিবহনের সঙ্গে ধাক্কা খেয়ে কলেজের ভাড়া করা লাকি পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ কারণে দুই বাসের চালক ও হেলপারকেই মামলার আসামি করা হয়েছে। ঘটনার পর উপপরিদর্শক (এসআই) বাকি বিল্লাহ মামলাটি করেছিলেন।
তিন ছাত্রী নিহত হওয়ার ঘটনায় গতকাল বেলা ১১টায় রাজশাহী কলেজের প্রশাসন ভবনের সামনে থেকে একটি শোক র্যা লি বের হয়। তাতে কলেজের অধ্যক্ষসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী ছাড়াও তিন ছাত্রীর পরিবারের সদস্যরা অংশ নেন।
অধ্যক্ষ হবিবুর রহমান জানান, কলেজ তহবিল, শিক্ষক-কর্মচারী, জেলা প্রশাসন ও রাজশাহী শিক্ষা বোর্ডের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ৮০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।
৭ ডিসেম্বর রাজশাহীর পবা উপজেলার কাটাখালীতে এ দুর্ঘটনায় তিন ছাত্রী নিহত ও অন্তত ১৪ জন আহত হন। তাঁদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ঈশা এখনো অচেতন রয়েছেন। তাঁর বোন সাথী খাতুন জানান, ঈশার অবস্থা আগের মতোই আছে।
দুর্ঘটনার পর কলেজ ছাত্র সংসদের তহবিল থেকে এক কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে তিনটি বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া আরও পাঁচটি দোতলা বাসের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন পাঠানো হয়েছে।