নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পরিচয়ে বোমা মেরে চট্টগ্রাম আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে গত রোববার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুজনকে তিন দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাসির মোহাম্মদ (৪৫) ও তাঁর শ্যালক সালাউদ্দিন (২২)। চট্টগ্রাম নগরের চকবাজার বাদুরতলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী প্রথম আলোকে জানান, চকবাজার বাদুরতলা এলাকা থেকে প্রথমে নাসিরকে ও পরে সালাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে হুমকি দেওয়ার মুঠোফোন বা সিমটি উদ্ধার করা যায়নি।
হাছান চৌধুরী আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির জানিয়েছেন, জমি নিয়ে তাঁর একটি মামলা চট্টগ্রাম আদালতে বিচারাধীন। গত মঙ্গলবার ওই মামলার শুনানির দিন ধার্য ছিল। শুনানি পেছাতেই তিনি ওই দিন সরকারি কৌঁসুলি মানস পালের মুঠোফোনে জেএমবির পরিচয় দিয়ে আদালতে বোমা হামলার হুমকি দেন। মঙ্গলবার আদালতে এসে তিনি মামলার শুনানিতে অংশও নেন। একই দিন মামলাটি অন্য একটি আদালতে স্থানান্তর করা হয়। হুমকির বিষয়টি নিয়ে গণমাধ্যম ও পুলিশ প্রশাসনে তোলপাড় সৃষ্টি হলে ভয় পেয়ে যান নাসির। পরে তিনি সালাউদ্দিনের মাধ্যমে মুঠোফোনটি নগরের বহদ্দারহাট বাস টার্মিনালের নালার মধ্যে ফেলে দেন।
গতকাল দুপুরে নগর গোয়েন্দা কার্যালয়ে নাসির প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি জঙ্গি নন, জেএমবির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততাও নেই। বাদুরতলা এলাকায় তাঁর ফোন-ফ্যাক্সের দোকান রয়েছে। জমি নিয়ে মামলার শুনানি পেছাতেই তিনি জেএমবি পরিচয় দিয়ে হুমকি দিয়েছিলেন। তাঁর দোকানে এক গ্রাহকের ফেলে যাওয়া মুঠোফোন থেকে তিনি ওই হুমকি দেন।
এদিকে নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আফতাব উদ্দিন গতকাল নাসির ও সালাউদ্দিনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম আসামিদের তিন দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।
এসআই আফতাব বলেন, গ্রেপ্তার দুই আসামির সঙ্গে জেএমবির সম্পৃক্ততা থাকতে পারে। তাঁদের ব্যাপক জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
গত মঙ্গলবার ওই হুমকি আসার পর চট্টগ্রাম আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়। পরে ওই ঘটনায় নগরের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশ। ওই জিডি মূলে নাসির ও সালাউদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়।