গ্রেপ্তারের পর নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে গাড়ি পুড়িয়ে ফারুক নামের এক যাত্রী হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় আদালতকে তিনি বলেন, গ্রেপ্তারের পর তাঁর ওপর নির্যাতন চালানো হয়েছে। গতকাল ভোররাতে তাঁকে গ্রেপ্তার করে বেলা তিনটায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে ডিবি পুলিশ। মহানগর হাকিম নজরুল ইসলাম পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন। সাকা চৌধুরীর পক্ষে জামিনের আবেদন করা হলে তা নাকচ করে দেন আদালত।সাকা চৌধুরী অন্য একজনের কাঁধে ভর করে আদালতের কাঠগড়ায় ওঠেন। কাঠগড়ার লোহার শিক ধরে বসে পড়েন তিনি। এ সময় আদালতে উপস্থিত সাকার স্ত্রী ও ছেলে তাঁকে সান্ত্বনা দেন। পরে আদালতের অনুমতি নিয়ে তাঁকে চেয়ারে বসতে দেওয়া হয়। এ সময় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা দফায় দফায় বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন।জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মকবুল হোসেন আদালতকে বলেন, গত ২৭ জুন বিএনপির ডাকা হরতালের আগের রাতে মির্জা আব্বাস ও আসামি সাকা চৌধুরীসহ আর ২০-২৫ জন তাঁদের কর্মীদের গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা এবং গাড়ি ভাঙচুর করার নির্দেশ দেন। গাড়ি পোড়ানোর জন্য তিন হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়।এ বক্তব্যের সময় সাকার আইনজীবীরা বলেন, সাকা চৌধুরী মাননীয় সংসদ সদস্য। তাঁর সম্মান তাঁকে দেওয়া হোক। সাকাও একই কথা বলেন। আদালত আইনজীবী ও সাকাকে থামিয়ে দেন। প্রসিকিউশন বলেন, আসামি সরকারের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক মিথ্যা বক্তব্য দিয়ে আইনশৃঙ্খলার বিঘ্ন সৃষ্টি ও অবনতি ঘটানোর চেষ্টা করেছেন। গত জুনে হরতালের আগের রাতে রাজধানীর তালতলা রেলক্রসিংয়ের সামনে একটি প্রাইভেট কারে আগুন দিয়ে মানুষ হত্যা করা হয়। আগুনে পুড়ে গাড়ির চালক সুমন এখনো মৃত্যুর সঙ্গে লড়ছেন। আগুনে পোড়া ফারুক নামের এক যাত্রী মারা যান। গাড়িতে ব্যবহূত আগুনের উৎস, প্রকৃত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ঘটনায় ব্যবহূত ধারালো অস্ত্র উদ্ধারের জন্য আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।রাষ্ট্রপক্ষে মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু আদালতকে বলেন, তদন্তকালে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার ঘটনায় আসামি সাকা চৌধুরীর জড়িত থাকার সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাঁকে গ্রেপ্তার করে রিমান্ড চাওয়া হয়েছে। এ অবস্থায় তাঁকে রিমান্ডের আবেদন নাকচ করে জামিন দেওয়া হলে তদন্তে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। এ ছাড়া মামলার সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে বা অন্য কোনোভাবে তদন্তকাজে প্রভাব সৃষ্টি করতে পারেন। তা ছাড়া তাঁকে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। ১৯ ডিসেম্বর তা শুনানির জন্য রয়েছে। আসামির জামিন আবেদন মঞ্জুর করা হলে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আইনজীবীরা আরও বলেন, মানবতাবিরোধী অপরাধসহ হত্যা, হত্যার চেষ্টা, গাড়ি ভাঙচুর, আইনশৃঙ্খলার বিঘ্ন সৃষ্টির অভিযোগে ৩৪টি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। তা ছাড়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটানোর সপক্ষে তিনি একাধিকবার বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন।রাষ্ট্রপক্ষে আরও শুনানি করেন আইনজীবী খন্দকার আবদুল মান্নান ও শাহ আলম তালুকদার। আদালতে উপস্থিত ছিলেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের পিপি মোখলেছুর রহমান, আবদুর রহমান, সাজ্জাতুল ইসলাম প্রমুখ আইনজীবী।আদালতে আইনজীবীরা: সুপ্রিম কোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন সাকা চৌধুরীর পক্ষে শুনানি করতে চাইলে আইনজীবীর পোশাকে না থাকায় আদালত তা নাকচ করে দেন।সাকা চৌধুরীর রিমান্ড আবেদনের বিরোধিতা করে তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ-জ্বালানি ও গ্যাস-সংকটের জন্য বিএনপি হরতাল ডেকেছিল। সাকা চৌধুরী হরতালের সমর্থনে কোথাও কোনো বক্তব্য দেননি। মামলার এজাহারে তাঁর নাম নেই। তাঁকে সন্দেহও করা হয়নি। ঘটনার দীর্ঘদিন পর হঠাৎ তাঁকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আইনজীবী আরও বলেন, সাকা চৌধুরী যদি মানবতাবিরোধী অপরাধ করেন, তাহলে তাঁর বিচার হবে। এ জন্য তাঁকে গ্রেপ্তারের জন্য ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে। আসামি অসুস্থ। তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে নির্যাতন করা হয়েছে। আইনজীবী সহ-আসামির শর্তে জামিন চান।আদালতে সাকা চৌধুরী: সাকা চৌধুরীকে দুই মিনিট কথা বলার সুযোগ দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, গত রাত থেকে তাঁকে নির্যাতন করা হয়েছে। তাঁর মতে, এক মাস রিমান্ডে নিয়ে যা করা হতো, তা এক দিনে করা হয়েছে। তিনি হাঁটু উঁচু করে আদালতকে বলেন, ‘দেখেন, আমার প্যান্টে রক্তের দাগ লেগে আছে। পরনের গেঞ্জি ছিঁড়ে ফেলেছে। আমাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার পর র‌্যাব ও ডিজিএফআই নির্যাতন করে।’ সাকা একটি টিস্যু পেপারে নাক ঝেড়ে রক্ত বের করে বিচারককে দেখিয়ে বলেন, ‘দেখুন, কীভাবে আমাকে নির্যাতন করা হয়েছে। এখনো নাক দিয়ে রক্ত ঝরছে।’সাকা আদালতকে আরও বলেন, ‘আমি নাকি বলেছি আরেকটি ১৫ আগস্টের কথা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ বেঁচে থাকলে আমার ওপর এমন নির্যাতন করা হতো না। যা করা হচ্ছে, এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন না। একজন সংসদ সদস্যকে নির্যাতন করে জাতীয় সংসদ ও সদস্যদের অপমান করা হচ্ছে। একটি গণতান্ত্রিক দেশে কাউকে ছোট করা কারও কাম্য নয়।’আদালতে বাইরে: আদালত থেকে সাকা চৌধুরীকে গারদখানায় নেওয়ার সময় বিএনপির নেতা-কর্মী ও আইনজীবীরা মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির একপর্যায়ে মহিলা সাংসদ শাম্মী আকতার ও বরিশাল মহানগর বিএনপির নেত্রী নাসরিন মাটিতে পড়ে যান। পুলিশ এ দুজনকে আটক করে গারদখানায় নিয়ে যায়। সুলতান আহমেদ নামের এক আইনজীবী প্রতিবাদ করলে পুলিশ তাঁকেও ধরে নিয়ে যায়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, নেতা-কর্মীরা আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে তাঁদেরও বাধা দেওয়া হয়।