গ্রেপ্তারের পর স্ত্রী মামাশ্বশুর রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীর ব্যবসায়ী আলতাফ হোসেন হত্যা ও গুমের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার স্ত্রী মৌসুমী আক্তার (২১) ও তাঁর মামা মাসুমকে গতকাল বৃহস্পতিবার রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সূত্র জানায়, মৌসুমী ও মাসুমকে গতকাল সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী আলতাফ নিখোঁজ হওয়ার ঘটনায় ২১ ডিসেম্বর তাঁর ছোট ভাই জালাল হোসেন যাত্রাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডির তদন্ত করতে গিয়ে ডিবি পুলিশ তাঁর দ্বিতীয় স্ত্রী মৌসুমী আক্তারের সম্পৃক্ততা পায়। ২৩ ডিসেম্বর ডিবি পুলিশ মৌসুমী ও তাঁর মামা মাসুমকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা হত্যার কথা স্বীকার করেন। তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে গত বুধবার রাতে গাজীপুরের জয়দেবপুর এলাকার ন্যাশনাল পার্কের গজারি বন থেকে আলতাফের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করা হয়েছে।
ডিবি কর্মকর্তারা জানান, মৌসুমী জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, দুই সতিনের মধ্যে সম্পত্তির ভাগবাঁটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে তিনি তাঁর ভাই ইমন ও মামা মাসুমকে নিয়ে আলতাফকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ২০ ডিসেম্বর রাতে যাত্রাবাড়ীর কোনাপাড়ার বাসায় তাঁরা সবাই অবস্থান নেন। আলতাফ (৪৫) বাসায় ফিরলে তাঁরা মারপিট করেন এবং একপর্যায়ে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করেন। পরদিন রাত সাড়ে ১১টার দিকে লাশ লাগেজে ভরে মাইক্রোবাসে নিয়ে ন্যাশনাল পার্কে ফেলে দেওয়া হয়। আলতাফ তাঁর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কোনাপাড়ার বাসায় থাকতেন।