পার্বতীপুরে রেলওয়ে লোকোশেড থেকে তেল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তি গ্রেপ্তার হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই জামিনে মুক্তি পেয়েছেন। রেলকর্মী ও স্থানীয় লোকজন বলছেন, ঘটনার মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে।স্থানীয় লোকজনের অভিযোগ, গতকাল জামিনে ছাড়া পাওয়া আসাদুজ্জামান কুসুম ও তাঁর সহযোগী মনিরুল ইসলাম তেলচোর চক্রের অন্যতম সদস্য। রেলইঞ্জিন থেকে তেল চুরির ঘটনায় মূল হোতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে রেলওয়ের নয়জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, জামিনে মুক্তি পাওয়া দুই ব্যক্তিকে সন্দেহ করে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছিল। তেল চুরির ঘটনায় গতকাল পর্যন্ত কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়নি।তেল চুরির মূল হোতাদের বিরুদ্ধে রেল কর্তৃপক্ষ এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পার্বতীপুরের দুই মুক্তিযোদ্ধা রেজাউল আলম ও জহুরুল হক। গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি দ্রুত ছাড়া পাওয়ায় হতাশা প্রকাশ করে তাঁরা বলেন, বিষয়টি সন্দেহজনক। লোকোশেড সংরক্ষিত একটি এলাকা। বিভাগীয় লোকজনের সংশ্লিষ্টতা ছাড়া এখান থেকে তেল চুরি করা অসম্ভব।তেল চুরির ঘটনা তদন্তে গঠিত তিন সদস্যের কমিটির প্রধান যন্ত্র প্রকৌশলী (রাজশাহী) দুলাল কুমার রায় গতকাল প্রথম আলোকে বলেন, তদন্তকাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দু-এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।