গ্রেপ্তারের পর 'বন্দুকযুদ্ধে' নিহত যুবদল নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তারের পর ঢাকার সাভারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবদল নেতা নিহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাতে সাভারের ছোট কালিয়াকৈর এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহত শাহ আলমের এক আত্মীয় অভিযোগ করেছেন, আগের রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ এবং ছেড়ে দেওয়ার জন্য শুক্রবার সকালে তিন লাখ টাকাও নেয়।
এ ছাড়া লক্ষ্মীপুরের রামগতিতে সন্দেহভাজন এক জলদস্যু ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। তিনিও পুলিশের হাতে আটকের পর অভিযানের সময় মারা যান।
সাভারে নিহত শাহ আলম (৩৮) পৌর এলাকার বাসিন্দা ও সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
ঢাকার পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমান প্রথম আলোকে বলেন, শাহ আলম এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকসহ ১১টি মামলা রয়েছে। পুলিশের ওপর হামলার মামলা রয়েছে ছয়টি। এ ছাড়া তিনি মানিকগঞ্জে অস্ত্র আইনে দায়ের করা একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
সাভার মডেল থানা থেকে ঢাকার পুলিশ সুপারের কাছে পাঠানো ফ্যাক্সবার্তায় বলা হয়েছে, শাহ আলমকে গ্রেপ্তারের জন্য পুলিশ বেশ কিছুদিন ধরেই অভিযান চালিয়ে আসছিল। শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর অস্ত্র ও মাদক উদ্ধার এবং সহযোগীদের গ্রেপ্তারের জন্য তাঁকে নিয়ে সাভারের ছোট কালিয়াকৈর এলাকায় কৃষিবিদ ফার্মের পাশে নির্জন এলাকায় যায় পুলিশ। এ সময় তাঁকে ছিনিয়ে নিতে জঙ্গলের ভেতর থেকে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে শাহ আলম কপালে গুলিবিদ্ধ হন। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে শাহ আলমের শ্যালক আরমান হোসেন প্রথম আলোকে বলেন, সাভার থানার পুলিশ গত বৃহস্পতিবার রাতে জেনেভা ক্যাম্পে এক আত্মীয়ের বাসা থেকে শাহ আলমকে আটক করে। এরপর তাঁকে ছেড়ে দেওয়ার জন্য সাভার থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় কুমার বিশ্বাস তাঁদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। শুক্রবার সকাল আটটার দিকে আরমানসহ আরও কয়েকজন আত্মীয় সাভারের হেমায়েতপুরে সুগন্ধা হাউজিংয়ে গিয়ে এসআই তন্ময়কে তিন লাখ টাকা দেন। তখন শাহ আলম আটক অবস্থায় একটি মাইক্রোবাসে ছিলেন। টাকা নেওয়ার পরও তাঁকে ছেড়ে না দিয়ে ওই মাইক্রোবাসে করে নিয়ে যায় পুলিশ। পরে গতকাল সকালে গণমাধ্যমে প্রচারিত সংবাদে তাঁরা জানতে পারেন শাহ আলম বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
টাকা নেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে এসআই তন্ময়ের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পুলিশ বলছে, বন্দুকযুদ্ধের সময় তিনি আহত হয়েছেন। সাভার থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান মিয়া বলেন, সন্ত্রাসীদের গুলিতে স্বজন মারা গেছেন, তাই শাহ আলমের পরিবার অনেক কিছুই বলতে পারে। এসব অভিযোগ ভিত্তিহীন।
এদিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিবিরহাটের কেঞ্জাতলী এলাকায় শুক্রবার রাতে নিজাম উদ্দিন (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার জিয়ার চরে বসবাস করতেন। পুলিশ বলেছে, তিনি জলদস্যু নিজাম ডাকাত নামে পরিচিত ছিলেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেনের ভাষ্য অনুযায়ী, রামগতি উপজেলার চরলক্ষ্মীর বয়ারচর এলাকা থেকে শুক্রবার রাত ১০টার দিকে নিজামকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী সহযোগীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের জন্য চর রমিজ ইউনিয়নের বিবিরহাট কেঞ্জাতলী এলাকায় অভিযানে যায় পুলিশ। তখন নিজামের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন নিজাম। রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিজামের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ ও অস্ত্র আইনে রামগতি থানায় পৃথক চারটি মামলা রয়েছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দেশে তৈরি একটি বন্দুক, দুটি তাজা কার্তুজ ও দুটি ছোরা উদ্ধার করা হয়েছে।