নরসিংদীর শিবপুরে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আরিফ হোসেন পাঠান হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি সাইফুল ইসলাম (৩০) গ্রেপ্তারের পাঁচ ঘণ্টা পর মারা গেছেন।
গতকাল বুধবার ভোর তিনটায় রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। সকাল আটটার দিকে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাইফুল মারা যান।
মামলার তদন্তকারী জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল গাফফার রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগ এলাকায় অভিযান
চালান। তাঁরা প্রথমে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি ও হত্যায় ব্যবহৃত অস্ত্র সরবরাহকারী টিটু পাঠানকে গ্রেপ্তার করেন। পরে একই এলাকার পাঁচতলা ভবনে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেন। ওই সময় সাইফুল পালিয়ে যেতে পাঁচতলা থেকে লাফ দেওয়ার চেষ্টা করে সামান্য আহত হন। পরে তাঁদের দেওয়া তথ্যমতে অস্ত্র উদ্ধারে শিবপুরের কারারচর এলাকায় রক্সি নামের তাঁদের এক সহযোগীর বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু সেখানে অস্ত্র কিংবা রক্সি কাউকে পাওয়া যায়নি। ওই সময় সাইফুল নিজের অসুস্থতার কথা জানালে তাঁকে জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল আটটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল গাফফার প্রথম আলোকে বলেন, ‘নিহত সাইফুলের জবানবন্দি অনুযায়ী সে নিজে আরিফ মেম্বারকে মাথায় গুলি করে হত্যা করে। যার অডিও ও ভিডিও রেকর্ড আমার কাছে রয়েছে।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, ‘নিহত সাইফুল ইসলামকে হাসপাতালের রেজিস্টার অনুযায়ী সকাল সাতটা ২০ মিনিটে ভর্তি করা হয়। সকাল আটটায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় দেখা গেছে, সাইফুলের বাঁ হাত ভাঙা ছিল।’
গত ৩০ মার্চ দুপুর সাড়ে ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের কারারচর বড়ইতলা এলাকায় পুটিয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফ হোসেন পাঠানকে প্রকাশ্যে হত্যা করে দুর্বৃত্তরা।