গ্রেপ্তারের ভয়ে মুঠোফোনে ভোট প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে মুঠোফোনে ভোট চাইছেন তিন চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। গ্রেপ্তারের ভয়ে তাঁরা জনসমক্ষে না এসে ভোটারদের সঙ্গে মুঠোফোনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলে জানা গেছে।
ওই তিন চেয়ারম্যান প্রার্থী হলেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম সরকার, পলাশবাড়ী পৌর বিএনপির নেতা সুরুজ হক। ভাইস চেয়ারম্যান প্রার্থীর নাম আবু তালেব। তিনি পলাশবাড়ী সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি। ২৭ ফেব্রুয়ারি এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
কালীবাড়ি বাজার এলাকার ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, ‘উপজেলায় মোট ১৯ জন প্রার্থীর মধ্যে ১৫ জনকে গণসংযোগ করতে দেখছি। কিন্তু ওই চার প্রার্থী মাঠের প্রচারণায় নেই। তাঁরা আড়ালে থেকে মুঠোফোনে প্রচারণা চালাচ্ছেন।’
চেয়ারম্যান প্রার্থী শাহ আলম সরকার বলেন, ‘বিগত দিনে হরতাল-অবরোধে গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় আটটি মামলায় আমাকে আসামি করা হয়েছে। তাই প্রার্থী হয়েও গণসংযোগ করতে পারছি না। আড়ালে থেকে মুঠোফোনে যোগাযোগ রাখছি।’
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ওই চার প্রার্থীর বিরুদ্ধে হরতাল-অবরোধে গাড়ি ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে।