সিরাজগঞ্জে ট্রেনে আগুন-লুটপাট ও ছয়জন নিহত হওয়ার ঘটনায় গতকাল বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের ছয় সদস্যের একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরদিকে জাতীয়তাবাদী ছাত্রদল গতকাল শোকসভা ডাকলেও নেতা-কর্মীরা উপস্থিত না হওয়ায় তা হয়নি। পুলিশ শাহজাদপুরের বিএনপির নেতা, গাড়াদহ ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার ও বিএনপির নেতা আবদুল ওদুদ এবং উল্লাপাড়ার রুহুল আমিন ও শাহাব উদ্দীনকে গতকাল গ্রেপ্তার করেছে। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৪৯। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, শাহজাদপুরের দুজনের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।রেলওয়ের তদন্ত দল: পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের প্রধান প্রকৌশলী আমজাদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত দল বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কসংলগ্ন মুলিবাড়ী রেলক্রসিং ও জনসভাস্থল পরিদর্শন করে। এ সময় সদস্যরা আশপাশের দোকানপাট ও বাড়িঘরের প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। পরে দলের সদস্যরা জামতৈল রেলওয়ে স্টেশন, সদানন্দপুর শহীদ এম মনসুর আলী স্টেশন পরিদর্শন করে স্টেশনমাস্টারদের সঙ্গে কথা বলেন। আমজাদ হোসেন জানান, তদন্তের জন্য তিন দিন সময় দেওয়া হলেও আরও চার দিন সময় বৃদ্ধির জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। তদন্ত দলের অন্য সদস্যরা হলেন পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আবদুল আওয়াল ভূঁইয়া, চিফ সিগন্যাল ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার আনোয়ারুল হক, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দুলাল কুমার রায় ও মেডিকেল অফিসার মোখলেছুর রহমান।জেলা প্রশাসনের তদন্ত দল: জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিক তদন্ত দলটি তদন্ত অব্যাহত রেখেছে। তদন্ত দলের প্রধান দীপক রঞ্জন অধিকারী জানান, এ ঘটনায় সরাসরি তথ্য বা সাক্ষ্য দিতে আজ শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ে জনসাধারণকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।শোকসভা হয়নি: সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের পূর্বঘোষিত শোকসভা গতকাল হয়নি। বিকেল চারটায় সিরাজগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের সভা হওয়ার কথা থাকলেও বিএনপি ও ছাত্রদলের কোনো নেতা-কর্মীকে দলীয় কার্যালয়ে দেখা যায়নি। এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন জানান, মামলা হওয়ায় গ্রেপ্তারের ভয়ে নেতা-কর্মীরা উপস্থিত হতে পারছেন না। তা ছাড়া বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানোর কারণে নেতা-কর্মীদের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। তাই পূর্বনির্ধারিত শোকসভা স্থগিত করা হয়েছে।মামলার দায়িত্ব আওয়ামী লীগ নেবে না: জেলা যুবলীগের সভাপতি গোলাম হায়দারের করা মামলার সঙ্গে জেলা আওয়ামী লীগের সম্পর্ক নেই বলে জানানো হয়েছে। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান বিবৃতিতে বলেন, বুধবার রাতে যুবলীগের নেতা গোলাম হায়দার কেন্দ্রীয় বিএনপির সাত নেতার বিরুদ্ধে যে মামলা করেন, তার সঙ্গে জেলা আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই, বিষয়টি তাঁর ব্যক্তিগত। তা ছাড়া গোলাম হায়দার জেলা আওয়ামী লীগের সদস্য নন।