গ্রেপ্তারের সময় যুবলীগের কর্মীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, অবরোধ
যশোরের ঝিকরগাছা পৌর এলাকার কৃষ্ণনগর গ্রাম থেকে রাজু আহমেদ (২৩) নামের যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গতকাল সোমবার সকাল ১০টার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় ঝিকরগাছা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের নেতৃত্বে যুবলীগের কর্মী-সমর্থকেরা রাজুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। একপর্যায়ে পুলিশ রাজুকে গ্রেপ্তার করে নিয়ে যায়।এরপর রাজুকে ছেড়ে দেওয়ার দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঝিকরগাছা বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে ব্যস্ততম যশোর-বেনাপোল সড়ক অবরোধ করা হয়। এ সময় সড়কের দুই পাশে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ ছোট-বড় দুই শতাধিক যানবাহন আটকা পড়ে।গতকাল দুপুরে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, রাজুকে গ্রেপ্তার করা হলে তাঁর চাচাতো ভাই যুবলীগের নেতা ওবায়দুর রহমানের নেতৃত্বে দলের কর্মী-সমর্থকেরা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। এতে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোরশেদ আলম ও কনস্টেবল সিরাজ উদ্দীন আহত হন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।ওসি জানান, রাজু মাদকের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে খুন, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে শার্শা, ঝিকরগাছা ও খুলনা থানায় পাঁচটি মামলা রয়েছে। তিনি কৃষ্ণনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে।যোগাযোগ করা হলে ঝিকরগাছা উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, ‘আমার নয়, জনগণের নেতৃত্বে সব ঘটেছে। রাজুকে থানায় নিতে দিবে না বলে পাড়ার মেয়েছেলেরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে। ঘটনার পর থানায় গিয়ে পুলিশ সদস্যদের বলে এসেছি, কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। ওই সব বাদ দেন।’