রাজধানীর বনানীতে এক রিকশাচালককে গুলির ঘটনায় গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যেই জামিন পেয়েছেন যুবলীগ নেতা ইউসুফ সরদার সোহেল। গতকাল শনিবার মহানগর হাকিম গোলাম নবী জামিনের এই আদেশ দেন।
গত শুক্রবার দুপুরে গুলশানের একটি হোটেল থেকে সোহেলকে ২২টি গুলি, একটি পিস্তলসহ গ্রেপ্তার করে পুলিশ। এই পিস্তল দিয়েই গত বৃহস্পতিবার রাতে রিকশাচালক কবির হোসেনের পায়ে সোহেল গুলি করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগে গত শুক্রবার বনানী থানায় একটি মামলা হয়।
গতকাল বনানী থানা-পুলিশ সোহেলকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। তবে পুলিশের রিমান্ড আবেদন বাতিল চেয়ে আসামিপক্ষ জামিন চায়। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম গোলাম নবী তাঁর জামিন মঞ্জুর করেন।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা ফরিদ মিয়া প্রথম আলোকে বলেন, মামলার বাদী রিকশাচালক কবির হোসেন আদালতে উপস্থিত হয়ে বলেছেন, আসামির জামিনে তাঁর কোনো আপত্তি নেই। পরে আদালত আসামিকে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে আহত রিকশাচালক কবির হোসেন সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গুলশান থেকে বনানীর ২ নম্বর সড়কের মাথা পর্যন্ত ৪০ টাকা ভাড়ায় তিনি দুজন যাত্রীকে নিয়ে আসেন। গন্তব্যে পৌঁছে যাত্রী দুজন ভাড়া না দিয়ে রিকশা থেকে নেমে চলে যাচ্ছিলেন। কবির ভাড়া চাওয়ায় এক যাত্রী তাঁকে চড়-থাপ্পড় মারেন এবং একপর্যায়ে পায়ে গুলি করে চলে যান। পরে কবির জানতে পারেন যাত্রীদের একজন বনানী থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইউসুফ সরদার সোহেল ও অন্যজন শাহ আলম।
এ ঘটনায় গত শুক্রবার যাত্রী দুজনের নাম উল্লেখ করে বনানী থানায় মামলা করেন কবির হোসেন। মামলার এজাহারে বলা হয়েছে, ভাড়া বাবদ ৪০ টাকা চাওয়ায় সোহেল তাঁকে গুলি করেন। গতকাল বনানী থানা-পুলিশ আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। আসামির নাম-ঠিকানা যাচাই করা এবং গুলি করার রহস্য উদ্ঘাটনের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই রিপন কুমার বলেন, সোহেল দাবি করেছেন ঘটনার সময় তিনি ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন। তাই আত্মরক্ষার স্বার্থে নিজের নামে লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি ছুড়েছিলেন।
জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী গতকাল প্রথম আলোকে বলেন, মামলার আরেক আসামি পলাতক আছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামিনে থাকা সোহেল রিকশাচালক কবির হোসেনকে গুলি করার কথা স্বীকার করেছিলেন বলে তিনি জানিয়েছেন।
নাম না প্রকাশের শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি সোহেল সম্পর্কে বলেন, মহাখালীর সরদারবাড়িতে সোহেলের পৈতৃক বাড়ি। পারিবারিকভাবেই তাঁরা এলাকায় বেশ প্রভাবশালী। বেশ কিছুদিন দেশের বাইরে থাকার পর দুই বছর আগে সোহেল দেশে ফেরেন। এরপর যুবলীগের রাজনীতির সঙ্গে জড়ান। দুই মাস আগে বনানী থানা যুবলীগের আহ্বায়ক কমিটিতে তিনি যুগ্ম আহ্বায়কের পদ পান। তাঁর বিরুদ্ধে নারী নির্যাতন, ফুটপাত দখলসহ নানা অভিযোগ রয়েছে।