গ্রেপ্তার-আতঙ্কে অনেক প্রার্থী মুঠোফোনই ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার তিনটি পৌরসভায় নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। স্বতন্ত্র ও আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন। কিন্তু গ্রেপ্তারের ভয়ে প্রচারণা চালাতে পারছেন না বিএনপির অনেক সম্ভাব্য প্রার্থী। যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁরাও আত্মগোপনে থেকে মুঠোফোনে ভোট চাইছেন সাধারণ ভোটারদের কাছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থানীয় পর্যায়ের একাধিক নেতা বলেন, এমনিতেই প্রায় নির্বাচনেই ক্ষমতাসীন দলের একটা প্রভাব থাকে। এবার পৌর নির্বাচন হচ্ছে দলীয়ভাবে। তাই এই নির্বাচনও নিরপেক্ষ না হওয়ার আশঙ্কা রয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাওসুল আজম বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার এককভাবে নির্বাচন করে ক্ষমতায় এসেছে। এখন একই কায়দায় তারা দলীয় নেতা-কর্মীদের পৌরসভা নির্বাচনে জেতাতে চায়। তাই নাশকতাকারীদের গ্রেপ্তারের নামে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের গ্রেপ্তার করছে। তিনি আরও বলেন, জেলায় বিএনপির সহস্রাধিক নেতা-কর্মীকে নাশকতা মামলায় জড়ানো হয়েছে। প্রার্থী হলে গ্রেপ্তার করা হবে বলেও সরকারি দলের লোকজন ভয়ভীতি দেখাচ্ছেন। গ্রেপ্তারের ভয়ে অনেক ভালো প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারছেন না। এখন মুঠোফোনই নেতা-কর্মীদের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।
মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়েছেন গাইবান্ধা পৌর বিএনপির সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শহীদ। এ ছাড়া অধিকাংশ ওয়ার্ডে বিএনপির নেতা-কর্মীরা কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। নেতাদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের নামে পাইকারিভাবে মামলা দেওয়া হয়েছে। গ্রেপ্তারের ভয়ে অনেকে প্রার্থীই হতে সাহস পাচ্ছেন না। যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁরাও প্রচারণা চালাতে পারছেন না গ্রেপ্তারের ভয়ে। এমনকি আমার কর্মীদের প্রচারণা না চালাতে হুমকি দিচ্ছেন সরকারি দলের লোকজন। তাঁদেরকে গ্রেপ্তারের ভয় দেখানো হচ্ছে।’
এই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শফিকুল ইসলাম বলেন, ‘ক্ষমতাসীন দল নির্বাচনে প্রভাব না খাটালে আমি নির্বাচিত হব। কিন্তু গ্রেপ্তারের ভয়ে ভোট চাইতে এলাকায় যেতে পারছি না। বাধ্য হয়ে মুঠোফোনে ভোট চাইছি।’
জেলা শ্রমিক দলের সভাপতি কাজী ফকু বলেন, জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপির প্রার্থী বিজয়ী হবেন। কিন্তু নিরপেক্ষ নির্বাচন ও দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতেও কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গোবিন্দগঞ্জ পৌরসভায় দলীয় মনোনয়ন পাওয়া পৌর বিএনপির সভাপতি ফারুক আহম্মেদ বলেন, ‘যেসব নেতা-কর্মীর নামে মামলা নেই, তাঁদেরকেও গ্রেপ্তার করে মামলায় নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ফলে দলীয় নেতা-কর্মীদের মধ্যে গ্রেপ্তার-আতঙ্ক বিরাজ করছে। এমনকি আমাকেও হয়রানিমূলক একাধিক মামলায় জড়ানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মনোনয়নপত্র সংগ্রহ করেছি, কিন্তু নির্বাচনী মাঠে যেতে পারছি না। তাই পলাতক থেকে মুঠোফোনে সমর্থকদের সঙ্গে যোগাযোগ, ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করছি।
সুন্দরগঞ্জ পৌরসভায়ও একই অবস্থা। পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মতিউর রহমান বলেন, ‘দলের সম্ভাব্য প্রার্থীরা মামলা-মোকদ্দমায় জর্জরিত। কাউন্সিল প্রার্থী হব, কিন্তু প্রচারণা চালাব কীভাবে। মাঠে নামলেই গ্রেপ্তারের ভয়। তাই মুঠোফোনে গণসংযোগ করছি।’
এদিকে স্থানীয় জামায়াত নেতা-কর্মীদের অনেকে দলীয়ভাবে নির্বাচন করতে না পেরে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
পুলিশ সূত্র জানায়, সম্প্রতি যৌথ অভিযান শুরুর পর থেকে গত ৩০ নভেম্বর পর্যন্ত গাইবান্ধার সাতটি উপজেলায় মোট ১৮৯ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে বিএনপির ২৮ জন এবং জামায়াত-শিবিরের ৫০ জন রয়েছেন। অবশিষ্ট ব্যক্তিরা বিভিন্ন মামলার আসামি।