গ্রেপ্তার-আতঙ্কে খানসামার চার গ্রাম পুরুষশূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার আতঙ্কে চারটি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। ওই ঘটনায় দুটি মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিসহ ৭২৮ জনকে আসামি করা হয়েছে।

গ্রামগুলো হলো বিষ্ণুপুর, জাহাঙ্গীরপুর, গোবিন্দপুর ও বেলপুকুর।

খানসামা ডিগ্রি কলেজের কয়েকজন শিক্ষক বলেন, ২২ দিন ধরে কলেজ জাতীয়করণ বাস্তবায়ন কমিটির ব্যানারে আন্দোলন চলছে। এর অংশ হিসেবে গত রোববার ডাকা অর্ধদিবস হরতালের সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। এতে ১ পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৩০ জন আন্দোলনকারী আহত হন। এ ঘটনায় রাতেই পুলিশ দুটি মামলা করেছে। এতে ৭৮ জনের নাম উল্লেখসহ ৭২৮ জনকে আসামি করা হয়। এর আগে শনিবার রাতে আটক ৫ জনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে গ্রেপ্তারের ভয়ে ওই চার গ্রামের পুরুষ ও আসামিরা পালিয়ে বেড়াচ্ছেন।

গোবিন্দপুর গ্রামের খায়রুল ইসলাম বলেন, তাঁর জমিতে আলু, গম, ফুলকপি, বাঁধাকপি, সরিষাসহ বিভিন্ন ফসল পড়ে রয়েছে। পুলিশ অজ্ঞাতনামা বহু মানুষকে আসামি করেছে। এখন সবার মনে গ্রেপ্তার হওয়ার ভয়। এ আতঙ্কে জমিতেও কেউ কাজ করতে আসেন না। রাতেও বাড়িতে থাকতে পারেন না।

খানসামা বাজারের ফটোকপি ও কম্পিউটার কম্পোজ ব্যবসায়ী লোকমান হাকিম বলেন, পুলিশের ভয়ে দোকান খুলতে পারছেন না।

মুদি দোকানদার আবদুল করিম বলেন, রোববার থেকে দোকানে ক্রেতা নেই। রাতে বাড়িতে ঘুমাতে গেলে ভয় লাগে। কখন এসে ধরে নিয়ে যায়।

আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনিছুর রহমান বলেন, মিটিং বা মিছিলে না থাকলেও পুলিশ তাঁকে আসামি করেছে। তিনি গ্রেপ্তারের ভয়ে বাড়িতে থাকেন না।

আলোকঝাড়ী ইউপির চেয়ারম্যান ও গোবিন্দপুর গ্রামের বাসিন্দা আ স ম আতাউর রহমান বলেন, এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। গ্রেপ্তারের ভয়ে যুবকেরা কেউ বাড়িতে নেই। আতঙ্কে অনেক দোকানপাটও বন্ধ।

এ ব্যাপারে জানতে চাইলে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মতিন প্রথম আলোকে বলেন, রোববারের ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। ওই দুটি মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিসহ ৭২৮ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত নয়, এমন কাউকে হয়রানি করা হবে না।