গ্রেপ্তার-আতঙ্কে গ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাখনের চর গ্রামে গত সোমবার রাতে একপাল হাতি ঢুকে রোপা আমন তছনছ করেছে। কিন্তু হাতি তাড়াতে বন বিভাগ বা স্থানীয় প্রশাসনের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করেন এলাকাবাসী।
এদিকে হাতি হত্যার ঘটনায় মামলা হওয়ার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে গ্রামের মানুষ পালিয়ে বেড়াচ্ছেন।
মাখনের চর গ্রামের লুৎফর রহমান বলেন, গত সোমবার সন্ধ্যার পর প্রায় ৪০টি হাতির একটি পাল লোকালয়ে ঢোকে। ওই রাতে হাতিগুলো গ্রামের নূরু আলম, জাহিদুল ইসলাম, হাসমত আলী, তাহের মুন্সিসহ ২০-২৫ জনের প্রায় ২৫ বিঘা জমির রোপা আমন তছনছ করেছে। তিনি অভিযোগ করেন, হাতি লোকালয়ে ঢোকার পর অনেকবার তিনি বন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু হাতি তাড়াতে তাঁরা কোনো ব্যবস্থা নেননি।
ইউএনও সাইফুল ইসলাম বলেন, হাতি হত্যার পর থেকে হাতির আক্রমণ বেড়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে হাতির আক্রমণ থেকে রক্ষায় ইতিমধ্যে ১৮টি সৌর প্যানেল বিতরণ করা হয়েছে। তবে হাতি তাড়ানো বা লোকালয়ে ঢোকার বিষয়টি নিয়ন্ত্রণ করার পুরো দায়িত্ব বন বিভাগের। কিন্তু এদিকে বন বিভাগের কোনো লোকজন দেখা যায় না। ময়মনসিংহ বন বিভাগ থেকে শেরপুরের কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। স্থানীয়ভাবে কার্যকর কোনো পদক্ষেপ বন বিভাগ এখনো নেয়নি।
এ বিষয়ে শেরপুরের বন কর্মকর্তা মামুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পরে তিনি বলেন, গত রাতে হাতির আক্রমণের খবর পেয়ে শেরপুরের বন্য প্রাণী ব্যবস্থাপক মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেখানে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মাখনের চর গ্রামে একটি ধানখেতে জেনারেটরের সংযোগের বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পাতেন কয়েকজন। ওই দিন রাতে হাতির পাল ওই খেতে গেলে তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় দুটি হাতি মারা যায়। এ ঘটনায় রোববার রাতে অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন শেরপুর বন কর্মকর্তা মামুনুর রশিদ। জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনা তদন্তে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরাসহ গ্রামের বেশির ভাগ মানুষ পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা যাচ্ছে না।
মামলা হওয়ার পর থেকে গ্রামে পুরুষেরা না থাকায় মশাল জ্বালিয়ে, বিভিন্ন শব্দ সৃষ্টি করে হাতির পাল তাড়ানোর চেষ্টাটুকুও করা যাচ্ছে না। ফলে নারীরা আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় গিয়ে থাকছেন।
দেওয়ানগঞ্জ থানার ওসি আসলাম উদ্দিন গ্রামের সব মানুষকে গ্রেপ্তারের আতঙ্কে না থাকার পরামর্শ দিয়ে বলেন, পুলিশি তদন্তে হাতি হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাঁদের গ্রেপ্তার করা হবে।