গ্রেপ্তার-আতঙ্কে তিন গ্রামের পুরুষেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার আউচপাড়া ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনী সহিংসতার ঘটনায় পুলিশের করা মামলায় তিন গ্রামের পুরুষেরা গ্রেপ্তার-আতঙ্কে রয়েছেন। তাঁরা রাতে বাড়িতে থাকছেন না।
৭ মে ওই ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী সরদার জান মোহাম্মদ ও দলটির বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলামের সমর্থকদের সঙ্গে পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনজনের ও নির্যাতনে একজনের মৃত্যু হয়। আহত হন অর্ধশত। এ ঘটনায় হতাহত ব্যক্তিদের পক্ষ থেকে মামলা না হলেও পুলিশ ৬০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা করে। পুলিশ চিকিৎসাধীন অবস্থায় ১০ জনকে আটক করে। তাঁদের মধ্যে দুজন মারা গেছেন। ঘটনার দিন আওয়ামী লীগ প্রার্থীর মিছিলে কোন্দা, সারন্দি ও তোকিপুর গ্রামের লোকজন ছিলেন।
গত বৃহস্পতি ও শুক্রবার গ্রাম তিনটিতে গিয়ে লোকজনের চোখেমুখে আতঙ্কের ছাপ দেখা যায়। সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও অনেকে মুখ খুলতে চাচ্ছিলেন না। পরিচয় নিয়েও সংশয় প্রকাশ করেন অনেকে।
তোকিপুর গ্রামের আটজন বাসিন্দা পরিচয় গোপন রাখার শর্তে বলেন, গ্রেপ্তার হওয়ার ভয়ে রাতে তাঁরা বাড়িতে থাকছেন না। তাঁরা নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন। পুলিশ ধরে নিয়ে গুলি করতে পারে, এমন আশঙ্কা করছেন তাঁরা। পুলিশ কয়েক দফা গ্রামে এসেছে। তবে কাউকে গ্রেপ্তার করেনি। পুলিশের পক্ষে স্থানীয় কিছু লোকজন আতঙ্ক ছড়াচ্ছেন। তাঁরা পুলিশের সঙ্গে যোগাযোগেরও পরামর্শ দিচ্ছেন।
একই গ্রামের রোকেয়া বেগম (৫৫) বলেন, তাঁর দুই ছেলে ও স্বামী রাতে বাড়িতে থাকছেন না। তাঁরা নৌকার প্রার্থীর লোক। এ জন্য পুলিশ গ্রেপ্তার করতে পারে বলে ভয় করছেন। তবে তাঁরা ওই দিন কেউ মিছিলে যাননি।
কোন্দা গ্রামের ভ্যানচালক আফসার আলী বলেন, ‘পুলিশ গুলি কইরা পাবলিককে মারল, আবার তারাই আসামি হলো। তাহলে রাইতে বাড়িত থাকি কীভাবে।’
সারন্দি গ্রামের বাসিন্দা ও মচমইল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব বলেন, অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘যারা পুলিশকে মারছে, তারা তো আতঙ্কে থাকবেই। পুলিশের গায়ে হাত দিয়েছে, তারা এলাকায় থাকে ক্যামনে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’