গ্রেপ্তার-আতঙ্কে বিএনপির কাউন্সিলর প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের বিএনপি-সমর্থিত ১৯ জন কাউন্সিলরের মধ্যে আটজনের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তাঁদের মধ্যে কারাগারে আছেন চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুল আলম। অন্যদের মধ্যে একজন জামিনে থাকলেও গ্রেপ্তারের আতঙ্কে নির্বাচনী মাঠে নামতে পারছেন না অন্য ছয় কাউন্সিলর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ কাছাকাছি চলে এলেও এখনো সব কটি ওয়ার্ডে একক প্রার্থী নিশ্চিত করতে পারেনি বিএনপি। অনেক ওয়ার্ডেই বিএনপি-সমর্থিত একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অবশ্য প্রতিটি ওয়ার্ডে ২০-দলীয় জোট থেকে একক প্রার্থী দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।
২০১০ সালের জুনে অনুষ্ঠিত নির্বাচনে সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডের মধ্যে ১৯টিতে জয়ী হন বিএনপি-সমর্থিত প্রার্থীরা। তাঁদের মধ্যে ব্যক্তিগত কারণে পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডের কাউন্সিলর শহীদুল ইসলাম ও উত্তর পাঠানটুলী ওয়ার্ডের নিয়াজ মোহাম্মদ খান এবার নির্বাচন করছেন না।
বিএনপির সূত্র জানায়, নগরের বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনায় বিএনপি-সমর্থিত আট কাউন্সিলরকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান, ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের মাহবুবুল আলম, ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের মো. হাসান লিটন, ৯ নম্বর উত্তর পাহাড়তলীর আবদুস সাত্তার সেলিম, ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের দিদারুর রহমান, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইল, ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডের হাসান মুরাদ ও ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর সরফরাজ কাদের। এঁদের মধ্যে মোহাম্মদ শাহজাহান দুটি মামলায় জামিনে রয়েছেন।
এ ছাড়া জামায়াত-সমর্থিত দুই ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান হেলালী ও মাহফুজুল আলমও নাশকতা মামলার আসামি। তাঁরা নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। মুঠোফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম বলেন, ‘আমাদের যেসব প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে, তাঁদের নির্বাচনী প্রচারণা চালানো ও নির্বাচন করার সুযোগ দিতে হবে। যদি প্রার্থীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করা না হয়, তাহলে নির্বাচন থেকে বের হয়ে আসা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’
জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ‘প্রার্থী যদি সন্ত্রাসী না হয় এবং তাঁকে অহেতুক হয়রানি করা হয়, সে ক্ষেত্রে আমরা প্রার্থীকে সুরক্ষা দেব। তবে চিহ্নিত অপরাধীদের ক্ষেত্রে পুলিশ আদালতের নির্দেশমতো কাজ করবে।’
মামলার আসামি হওয়ায় গ্রেপ্তার-আতঙ্কে এলাকায় অবস্থান করতে পারছেন না বলে জানিয়েছেন বিএনপি-সমর্থিত কাউন্সিলররা। তাঁরা বলেছেন, এলাকায় থাকলে যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা রয়েছে। তাই প্রকাশ্যে মাঠে নামা সম্ভব হচ্ছে না। নির্বাচনী প্রচারণার জন্য নেতা-কর্মীদেরও একত্র করা যাচ্ছে না।
আলকরণ ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর দিদারুর রহমান বলেন, ‘গত ফেব্রুয়ারিতে আমাকে একটি ককটেল বিস্ফোরণ মামলায় আসামি করা হয়। অথচ এ বিষয়ে আমি কিছুই জানি না। এই মামলার কারণে এলাকায় প্রচারণা চালানো নিয়ে দুশ্চিন্তায় আছি। এখন পর্যন্ত মুঠোফোনের মাধ্যমে যতটুকু সম্ভব ততটুকু প্রচারণা চালাচ্ছি।’
পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বলেন, ‘আমি ওমরাহ্ পালনের জন্য যখন দেশের বাইরে ছিলাম, তখন নগরের বকশির হাট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় আমাকে আসামি করা হয়। এখন গ্রেপ্তার-আতঙ্কে মাঠে নামতে পারছি না। সমর্থকেরা আমার মনোনয়নপত্র জমা দিয়েছেন।’
একই পরিস্থিতির কথা জানালেন উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সাত্তার সেলিম ও পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর মো. হাসান লিটনও। আবদুস সাত্তার বলেন, ‘মনোনয়নপত্র জমা দিলেও এখনো এলাকায় যেতে পারছি না। এই অবস্থায় কীভাবে নির্বাচন করব, তা বুঝতে পারছি না।’
কাউন্সিলর সরফরাজ কাদের জানান, তাঁর বিরুদ্ধে সম্প্রতি দুটি নাশকতার মামলা হয়েছে। এর আগে তিনটি মামলায় আসামি করা হলেও তাতে জামিন নিয়েছেন। কিন্তু নাশকতার মামলাগুলোতে জামিন নেওয়া হয়নি। তিনি বলেন, ‘নির্বাচনী মাঠে নামলেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডিস্টার্ব করতে পারেন। নেতা-কর্মীদের মধ্যেও একই আশঙ্কা বিরাজ করছে।’
বিএনপির সূত্র জানায়, অনেক ওয়ার্ডে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চান্দগাঁও ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান কাউন্সিলর মাহবুবুল আলম ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন খান। উত্তর পাহাড়তলী ওয়ার্ডে আবদুস সাত্তারের পাশাপাশি বিএনপির ওয়ার্ড সভাপতি জমির আহমেদও মনোনয়নপত্র জমা দিয়েছেন। পশ্চিম ষোলশহর ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন কাউন্সিলর এস এম ইকবাল হোসেন ও নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিজুয়ান উদ্দিন চৌধুরী। ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে নির্বাচনী লড়াইয়ে আছেন কাউন্সিলর বাবুল হক ও পাহাড়তলী থানা বিএনপির আহ্বায়ক শামসুল আলম। ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন কাউন্সিলর মোহাম্মদ তৈয়ব ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন। ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে আছেন মোহাম্মদ ইসমাইল ও ছাত্রদল নেতা শফিকুল আলম। ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সেকান্দর ও বিএনপি-সমর্থক মোহাম্মদ হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে আছেন কাউন্সিলর মো. নুরুল আবছার ও সাবেক কমিশনার মো. ইসমাইল হোসেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান জানান, প্রতিটি ওয়ার্ডে ২০-দলীয় জোট থেকে একক প্রার্থী দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ বিষয়ে সবার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় রয়েছে। তার আগেই একক প্রার্থীর বিষয়টি ঠিক করা হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল।