গ্রেপ্তার-আতঙ্কে ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার জের ধরে মামলা ও পুলিশি অভিযানে রংপুরের বদরগঞ্জ উপজেলার পৌর শহরের ব্যবসায়ীরা গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন। গত শনিবার ওই মামলায় একজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এরপর গতকাল রোববার আতঙ্কে অনেক ব্যবসায়ী গা-ঢাকা দিয়েছেন।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় আদালতের ওপর হামলা হয়। এ সময় আদালতের বিচারক বদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কমলকুমার ঘোষ ও রাজশাহী বিএসটিআইয়ের সহকারী পরিচালক মফিজ উদ্দিন আহম্মেদকে লাঞ্ছিত করা হয়। পরদিন মফিজ উদ্দিন আহম্মেদ বাদী হয়ে পৌর বাজারের আটজন ব্যবসায়ীসহ অজ্ঞাত অনেকের বিরুদ্ধে মামলা করেন।
বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক আহম্মদ উল্লাহ বলেন, ‘মামলা দায়েরের পর থেকে ব্যবসায়ীরা পুলিশি আতঙ্কে ভুগছেন। এমনকি আমিও আত্মগোপনে আছি। শনিবার সুকুমার কুন্ডু (৪৮) নামের পৌর শহরের মুদি ব্যবসায়ীকে গ্রেপ্তার ও কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে পুলিশ হানা দেয়। এরপর থেকে আতঙ্ক আরও ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার শহরের ৫০টির মতো দোকান বন্ধ রেখে ব্যবসায়ীরা গা-ঢাকা দিয়েছেন।’
আহম্মদ উল্লাহ দাবি করেন, ওই দিন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ব্যবসায়ীদের বাটখারা পরীক্ষা করে ওজনে ২-৫ পয়েন্ট কম পেয়ে জরিমানা করেছেন। এটা অযৌক্তিক। কারণ নতুন বাটখারা ব্যবহার করা হলে কয়েক দিন পরেই তা ক্ষয়ে ওজন কমে যেতে পারে। ব্যবসায়ীরা আদালতের ওপর হামলা করেননি বলে দাবি করেন আহম্মদ উল্লাহ।
বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল লতিফ মিয়া বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মামলায় অহেতুক কোনো ব্যবসায়ীকে হয়রানি করা হবে না। সুকুমার কুন্ডুকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।