ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের পর উপাচার্য প্যানেল নির্বাচন করার দাবি জানিয়েছেন বিএনপি-জামায়াতপন্থী বলে পরিচিত জাতীয়তাবাদী প্যানেলের প্রার্থীরা। দাবি মেনে না নিলে তাঁরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য ও জাতীয়তাবাদী পরিষদের প্রার্থী আ ফ ম ইউসুফ হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপাচার্যকে এ স্মারকলিপি দেয়। এর আগে ১৮ আগস্ট বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকেরাও একই দাবিতে উপাচার্যকে চিঠি দেন।
স্মারকলিপিতে বলা হয়, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের তারিখ ঘোষণার পর সিনেটের বিশেষ অধিবেশন ডেকে উপাচার্য প্যানেল নির্বাচন করার উদ্যোগ অনভিপ্রেত।
ইউসুফ হায়দার প্রথম আলোকে বলেন, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিরা তিন বছর মেয়াদে মাত্র একবার ভোট দেওয়ার সুযোগ পেয়ে থাকেন। কিন্তু তাঁদের বাদ দিয়ে বর্তমান উপাচার্য প্যানেল নির্বাচনের এ ধরনের উদ্যোগে তাঁরা হতাশ।
এদিকে উপাচার্য প্যানেল নির্বাচনের বিষয়ে গতকাল বিকেল পাঁচটায় নিজ বাসভবনে আওয়ামী-বাম সমর্থিত নীল দলের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
নীল দলের আহ্বায়ক ইমামুল হক প্রথম আলোকে বলেন, উপাচার্য প্যানেলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ২৩ আগস্ট এ বিষয়ে সিদ্ধান্ত নিতে তাঁরা আবারও সভায় বসবেন।
প্রসঙ্গত, সাড়ে চার বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনের উদ্যোগ নিয়েছেন বর্তমান উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। আগামী ২৪ আগস্ট ‘বিশেষ সিনেট অধিবেশনে’ এ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে। তবে ১০৫ সদস্যবিশিষ্ট সিনেটে মাত্র ৫০ জন সদস্য রয়েছেন। আগামী ১৪ ও ২১ সেপ্টেম্বর ঢাকার বাইরে এবং ২৮ তারিখ ঢাকার কেন্দ্রসমূহে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিদের নির্বাচন হবে। এই নির্বাচনের পরই উপাচার্য প্যানেল নির্বাচন হওয়া উচিত বলে মনে করছেন সরকারবিরোধী বলে পরিচিত শিক্ষকেরা।