গ্র্যান্ড ট্রাংক রোডের সংস্কারকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় শেরশাহ্র আমলে তৈরি হওয়া ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাংক রোডের সংস্কারকাজ অবশেষে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। দীর্ঘদিন আন্দোলনের পর সড়কের কাজ শুরু হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।এ সড়ক মেরামতের জন্য এলাকাবাসীর আন্দোলন ও মানববন্ধনের একাধিক প্রতিবেদন প্রথম আলোয় ছাপা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনারগাঁ উপজেলার প্রধান এ সড়কটি ২০০৫ সালে সর্বশেষ সংস্কার করা হয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির মোগরাপাড়া চৌরাস্তা থেকে বৈদ্যেরবাজার পর্যন্ত বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি মেরামতের দাবিতে এলাকাবাসী ও বিভিন্ন সংগঠন পাঁচ বছর ধরে বিক্ষোভ, মানববন্ধন ও প্রশাসনকে স্মারকলিপি দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল। অবশেষে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) নারায়ণগঞ্জ সড়ক বিভাগের পক্ষ থেকে সড়কটি মেরামতের জন্য দরপত্র আহ্বান করে। দরপত্রের কার্যাদেশ পেয়ে গতকাল থেকে সড়কটির মেরামতকাজ শুরু হয়েছে। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সোনারগাঁ উপজেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, দীর্ঘদিন পর সোনারগাঁয়ের মানুষ একটি ভালো কাজ দেখতে পেয়েছে। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিন বলেন, ‘এ উপজেলায় যোগদানের পর এলাকার সর্বস্তরের মানুষ সড়কটির মেরামতের দাবি নিয়েই অধিকাংশ সময় আমার দপ্তরে এসে ভিড় করত। তাদের দাবি পূরণ হয়েছে।’ খুব অল্প সময়ের মধ্যে সড়কটির সংস্কারকাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সাংসদ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আবদুল্লাহ আল কায়সার।