গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড সংস্কারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড সংস্কারের দাবিতে গতকাল রোববার স্থানীয় নাগরিক কমিটি ও এলাকার সর্বস্তরের মানুষ শহীদ মজনু পার্কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।জানা যায়, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে বৈদ্যেরবাজার পর্যন্ত প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কটির হাতকোপা, চিলারবাগ, হাবিবপুর ও সোনারগাঁ থানার পাশে সামান্য বৃষ্টি হলেই পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এলাকাবাসী একাধিকবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের সড়কটি মেরামতের জন্য স্মারকলিপি ও আন্দোলন করলেও কোনো কাজ হয়নি। স্থানীয় সাংসদ সড়কটি সংস্কার করার জন্য একাধিকবার প্রতিশ্রুতি দিলেও কোনো কাজ হয়নি।সড়কটি মেরামত করার জন্য গতকাল দলমত-নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।সোনারগাঁ নাগরিক কমিটির সভাপতি এ টি এম কামালের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে আরও বক্তব্য দেন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আমির হোসাইন, উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাসদ) সমন্বয়ক বেলায়েত হোসেন, নাগরিক কমিটির সদস্য ইমন কুমার, কবির মৃধা, আনোয়ার হোসেন, মাসুম মোল্লা, ছড়াকার মো. শারবিন প্রমুখ। বক্তারা বলেন, এর আগে বিগত বিএনপি সরকারের আমলেও সড়কটি ভেঙে গর্তের সৃষ্টি হয়েছিল, তখন সর্বস্তরের মানুষ আন্দোলন করার পর সড়কটির সংস্কার করা হয়।উপজেলা এলজিইডির হিসাবরক্ষক আনিসুর রহমান জানান, ‘সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে হওয়ায় আমরা এ সড়কে কোনো অর্থ বরাদ্দ দিতে পারছি না।’সড়ক ও জনপথ অধিদপ্তরের নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোফাজ্জল হায়দার জানান, এ সড়কে কোনো অর্থ বরাদ্দ না থাকায় সংস্কারকাজ করা যাচ্ছে না।স্থানীয় সাংসদ আবদুল্লাহ-আল-কায়সার বলেন, ‘সড়কটি মেরামত করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।’