গ্র্রেডিং বৈষম্য নিরসনের দাবিতে পরীক্ষা বর্জন, অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিলম্বে গ্রেডিং বৈষম্য নিরসনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা গতকাল শনিবার ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেছেন। একই দাবিতে তাঁরা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান ধর্মঘট পালন এবং ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করেছেন। অবিলম্বে দাবি মানা না হলে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালনের হুমকি দিয়েছেন তাঁরা। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা গতকাল সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেন। পরে তাঁরা ক্যাম্পাসে মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। এ সময় তাঁরা সেখানে ডিনস কমপ্লেক্স ভবনের প্রধান গেট তালাবদ্ধ করে রেখে প্রায় দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করেন। এ সময় সমাবেশ থেকে অবিলম্বে দাবি মানা না হলে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করা হবে বলে তাঁরা হুমকি দেন।সমাবেশে শিক্ষার্থী শরিফুল ইসলাম, ইসমাইল হোসেন, ইব্রাহিম হোসেন, নাজমুল ইসলাম আহসান প্রমুখ বক্তব্য দেন।উপাচার্য এম আবদুস সোবহান জানান, ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের গ্রেডিং-সংক্রান্ত সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কমিটি গঠন করেছে। ওই সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথেষ্ট আন্তরিক।