গ্লাডিওলাস চাষে প্রথমবারেই লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বড় দাউদপুর গ্রামের আবদুল হালিম (৪৮) নিজের জমিতে ধান চাষ করেন। বসতভিটাসহ তিন বিঘা জমি ছাড়া কোনো সম্পদ নেই। আয় বলতে জমিই ভরসা। বছরে যে ধান উৎপাদন করেন, তা দিয়ে কোনোমতে চার সদস্যের সংসার চলে।
এবার কৃষি বিভাগের পরামর্শে বাড়ির পাশের পতিত তিন শতক জমিতে গ্লাডিওলাস ফুলের চাষ করেন। প্রথমবার ফুল চাষ করেই তিনি লাভবান হয়েছেন। মাত্র ৭০০ টাকা খরচ করে চাষ করার পর তাঁর জমিতে নয় হাজার টাকার ফুল হয়েছে।
আবদুল হালিম বলেন, ‘অধিক দামে সার ও ডিজেল কিনে ধান চাষ করে উৎপাদন খরচই ওঠে না। তার পরও পৈতৃক পেশা ধরে আছি। বাড়তি আয়ের জন্য গত বছরের অক্টোবর মাসে গ্লাডিওলাস ফুলের চাষ করি। এ পর্যন্ত পাঁচ হাজার টাকার ফুল বিক্রি করেছি। আরও চার হাজার টাকার ফুল বিক্রি করতে পারব।’
হালিমের মতো তিন শতক করে জমিতে গ্লাডিওলাস ফুলের চাষ করে লাভবান হয়েছেন একই গ্রামের বাদল সরকার ও গীতা রানী।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গাইবান্ধার সাতটি উপজেলার মধ্যে এই প্রথম সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ও বনগ্রাম ইউনিয়নে গ্লাডিওলাস ফুলের চাষ করা হয়েছে। দুই ইউনিয়নের ১০ জন কৃষককে ফুল চাষে উদ্বুদ্ধ করা হয়। প্রত্যেকে তিন শতক করে মোট ৩০ শতক জমিতে সাদা, হলুদ ও গোলাপি রঙের গ্লাডিওলাস ফুলের চাষ করেছেন। অক্টোবর মাসের শেষের দিকে এ ফুলের চারা রোপণ করতে হয়। জানুয়ারি মাসে ফলন পাওয়া যায়।
বর্তমান বাজারে প্রতিটি ফুলের স্টিক ১০-১২ টাকায় বিক্রি হচ্ছে। কৃষকেরা প্রতিটি ফুলের স্টিক ফুল ব্যবসায়ীদের কাছে আট টাকায় বিক্রি করেন।
বনগ্রাম ইউনিয়নের হবিবুল্যাপুর গ্রামের কৃষক অরবিন্দ মণ্ডল বলেন, তিন শতক জমিতে গ্লাডিওলাস ফুলের চাষ করে ১০ হাজার টাকার ফুল উৎপাদন করা হয়েছে। ফুল চাষ করে বাড়তি আয় করা যায়। ফুল বিক্রি করে সেই জমিতে আবার বোরো চাষ করা যাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, ফুল বিক্রির পর কৃষকেরা বীজও বিক্রি করতে পারবেন। তিন শতক জমি থেকে অন্তত ১০ হাজার টাকার চারা বীজ উৎপাদন করা সম্ভব হবে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কৃষকদের ফুল চাষে উদ্বুদ্ধ করার পাশাপাশি তাঁদের সার বীজ দিয়ে সহায়তা দেওয়া হয়। পরীক্ষামূলক চাষে গ্লাডিওলাসের বাম্পার ফলন পাওয়া গেছে।