অতীতের গ্লানি ভুলে দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে নিবেদিতভাবে কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্য সম্পর্কে দেশবাসীকে জানাতে এরশাদ এ বিবৃতি দেন। তাঁর ওপর বিশেষ দূতের দায়িত্ব অর্পণ করায় এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। এর আগে ১৫ জানুয়ারি একই কারণে প্রধানমন্ত্রীকে এক চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন এরশাদ।
গতকাল বিবৃতিতে এরশাদ বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়ে কোনো ব্যক্তিগত সুযোগ-সুবিধা, সরকারি বাড়িগাড়ি চান না। একজন সাংসদ হিসেবে যেটুকু সুযোগ-সুবিধা প্রাপ্য, সেটুকু ভোগ করে বিশেষ দূতের দায়িত্ব পালন করে যেতে চান। তিনি বলেন, ‘সৈনিক হিসেবে দেশের স্বার্থে সব সময় যুদ্ধ করতে প্রস্তুত ছিলাম। এখনো দেশের অর্থনীতি ও জনগণের বৃহত্তর স্বার্থে আমার দায়িত্ব পালন করে যেতে পারব। জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এখন আর আমার চাওয়া-পাওয়ার কিছু নেই।’
বিবৃতিতে এরশাদ বলেন, ‘রাজনৈতিক ঘটনা প্রবাহকে কেন্দ্র করে দেশের ভাবমূর্তির বিরাট ক্ষতি হয়েছে। জনশক্তি রপ্তানি, তৈরি পোশাক শিল্পখাত, বিদেশি বিনিয়োগ, বাংলাদেশের ওপর বহির্বিশ্বের আস্থা—ইত্যাদি ক্ষেত্রে আমরা হুমকির মুখে পড়েছি। বিগত সরকারের আমলে ব্যাপক উন্নয়নের পরও রাজনৈতিক অস্থিরতায় জনগণের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। আমরা বিশ্বাস, অচিরেই সে হতাশা কেটে যাবে।’