গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. মুহাম্মদ ইউনূস
গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যাওয়ার্ড (জিইএ-২০১৪) পেয়েছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী যুবরাজ আবদুল আজিজ বিন আবদুল্লাহর নেতৃত্বাধীন দাতব্য প্রতিষ্ঠান সেন্টেনিয়াল ফান্ড (সিএফ) এই অ্যাওয়ার্ডের জন্য তাঁকে মনোনীত করে। খবর আরব নিউজের।
জিইএ-অ্যাওয়ার্ড কমিটির মহাসচিব আবদুল আজিজ আল-মুতাইরি বলেন, এন্ট্রাপ্রেনিউরশিপ বা উদ্যোক্তা সংস্কৃতি বিশ্ববাসীর সামনে তুলে ধরার ক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ড. ইউনূসকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরস্কারের জন্য নির্বাচিত অন্যদের নাম তিনি প্রকাশ করেননি। গত বছর সৌদি আরব, মিসর, জর্ডান ও ইয়েমেন থেকে ১৮ জনকে এই পুরস্কার দেওয়া হয়েছিল।
এ বছর এই পুরস্কারের জন্য ছয়টি ভিন্ন শাখায় ৪২টি দেশের প্রায় ৬০০ প্রার্থী আবেদন করেন। ড. ইউনূস পুরস্কার পান সেরা নেতৃত্বদানকারীর শাখায়।
আবদুল আজিজ আল-মুতাইরি জানান, আগামী ৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে উপসাগরীয় দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে উল্লেখযোগ্যসংখ্যক অর্থনীতিবিদ উপস্থিত থাকবেন।