গ্লোবাল সিটিজেন উৎসবে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল সিটিজেন উৎসবে যোগ দিচ্ছেন না।
আন্তর্জাতিক নাগরিক আন্দোলন গ্লোবাল সিটিজেন উৎসব হচ্ছে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে। আজ শনিবার সন্ধ্যা সাতটা ১০ মিনিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উৎসবে বক্তব্য রাখার কর্মসূচি ছিল। প্রধানমন্ত্রীর দৈনন্দিন কর্মসূচিতেও এ সভায় যোগ দেওয়ার কথা উল্লেখ ছিল। বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্র নেতারা এ উৎসবে বক্তব্য রাখবেন। উচ্চমূল্যের টিকিট কেটে এ সমাবেশে যোগ দেওয়া লোকজন রাষ্ট্র নেতাদের বক্তব্য শুনবেন।
মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই: হাসিনাশুক্রবার দুপুরে হঠাৎ করেই এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠদের জানিয়েছেন, উন্মুক্ত সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিলে তাঁদের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। যুক্তরাষ্ট্রে সক্রিয় বিএনপি-জামায়াত সংশ্লিষ্ট লোকজন ব্যাপক সমাবেশ করে আন্তর্জাতিক দর্শক-শ্রোতাদের সামনে প্রধানমন্ত্রীকে হেয় করতে পারেন। তা ছাড়া আওয়ামী লীগের নেতারা বলেছেন, প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য-সংকট নিয়ে ইহুদিদের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছেন। উন্মুক্ত বিশাল সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় করার জন্য ইহুদিদের অর্থ সহযোগিতার আশঙ্কার কথাও তাঁরা উল্লেখ করেন।
এ ব্যাপারে জানানো হয়, নিরাপত্তার প্রশ্নে প্রধানমন্ত্রী গ্লোবাল সিটিজেন উৎসবে যোগ দিচ্ছেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এক প্রশ্নের উত্তরে বলেছেন, মাত্র কয়েক মিনিটের জন্য গ্লোবাল সমাবেশে যাওয়ার চেয়ে প্রবাসীদের অনুষ্ঠানকেই তিনি প্রাধান্য দিয়েছেন।
আওয়ামী লীগের নেতা কাজী কয়েস প্রথম আলোকে জানান, নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় কর্মসূচিটি বাতিল হয়েছে।
এ ব্যাপারে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন বলেন, আওয়ামী লীগের নেতারা কেন নিরাপত্তার প্রশ্ন উত্থাপন করলেন; তা তাঁর বোধগম্য নয়। এ ব্যাপারে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
যুক্তরাষ্ট্র বিএনপির নেতা জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ‘উন্মুক্ত বিশ্ব নাগরিক সমাবেশে বক্তব্য রাখার নৈতিক অধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেই। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা তাঁদের নৈতিক অবস্থানের প্রতি সতর্ক থেকেই পদক্ষেপ গ্রহণ করেছেন।’
নিউইয়র্ক প্রবাসী সাইফুল ইসলাম বলেন, বিশ্বের সব মিডিয়া, নাগরিক অধিকারে সক্রিয় জনগোষ্ঠী গ্লোবাল সিটিজেন উৎসবে মেতে উঠেছে। সেখানে বাংলাদেশকে উপস্থাপন করার সুযোগ হাতছাড়া করা ঠিক হয়নি বলে মন্তব্য করেন এ প্রবাসী।