গ্লোবাল হাঙ্গার সম্মেলনে যোগ দিতে লন্ডনে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আমন্ত্রণে ‘গ্লোবাল হাঙ্গার ইভেন্ট’-এ যোগ দিতে গতকাল শনিবার তিন দিনের সরকারি সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ রোববার অলিম্পিকের শেষ দিনে লন্ডনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট সকাল ১০টা আট মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটি গতকাল লন্ডনের স্থানীয় সময় বেলা সাড়ে তিনটায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা। বাসস।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, চিফ হুইপ আব্দুস শহীদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। হিথ্রো বিমানবন্দরে সংবর্ধনার পর প্রধানমন্ত্রী সরাসরি হোটেল সেন্ট প্যানক্রাস রেনেসাঁয় যাওয়ার কথা। লন্ডন সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন। গ্লোবাল হাঙ্গার ইভেন্টে যোগ দেওয়া ছাড়াও শেখ হাসিনা লন্ডন অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন।প্রধানমন্ত্রীর লন্ডন সফরকালে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ তাঁর সঙ্গী হয়েছেন। আজ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট মাইকেল টিমার এখন থেকে ২০১৬ সালের পরবর্তী অলিম্পিক অনুষ্ঠান পর্যন্ত সময়ে বিশ্বের দরিদ্রতম শিশুদের পুষ্টি উন্নয়ন বৃদ্ধি এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হওয়ার হার হ্রাসের প্রচেষ্টা জোরদার করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানাবেন।১৪ আগস্ট সকালে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।