গ্ল্যাক্সো কারখানা চালুর দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম: গ্ল্যাক্সো স্মিথক্লাইনের ওষুধ কারখানা চালু রাখার দাবিতে মানববন্ধন করেন কর্মকর্তা ও কর্মচারীরা। চট্টগ্রাম প্রেসক্লাব, ১ আগস্ট, ২০১৮। ছবি: জুয়েল শীল
চট্টগ্রাম: গ্ল্যাক্সো স্মিথক্লাইনের ওষুধ কারখানা চালু রাখার দাবিতে মানববন্ধন করেন কর্মকর্তা ও কর্মচারীরা। চট্টগ্রাম প্রেসক্লাব, ১ আগস্ট, ২০১৮। ছবি: জুয়েল শীল

যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক ওষুধ কোম্পানি গ্ল্যাক্সো স্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লিমিটেডের কারখানা চালুর দাবিতে মানববন্ধন করেছেন কারখানাটির কর্মীরা। আজ বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গ্ল্যাক্সো স্মিথক্লাইন এমপ্লয়িজ ইউনিয়নের ব্যানারে এই কর্মসূচি পালন করেন তাঁরা। 

আজ সকাল ১০টা থেকে দেড় ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে কারখানা চালুর দাবিতে লেখা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন কর্মীরা। একই সময়ে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে একই দাবি জানান এমপ্লয়িজ ইউনিয়নের নেতারা।

গত বৃহস্পতিবার ঢাকায় একটি হোটেলে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় লোকসানের কারণ দেখিয়ে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে সীতাকুণ্ডের ফৌজদারহাটে কারখানায় বিক্ষোভ করে আসছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। কারখানায় ১৫০ জন কর্মকর্তা ও ২৫০ জন কর্মী রয়েছেন। সারা দেশে তাদের এক হাজার কর্মী রয়েছেন।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটির ওষুধ, ভ্যাকসিন ও পুষ্টিকর খাদ্য বা স্বাস্থ্যসেবা পণ্যের ব্যবসা রয়েছে বাংলাদেশে। কারখানা বন্ধ হলেও ভ্যাকসিন ও পুষ্টিকর খাদ্যের ব্যবসা চালু থাকবে বলে জানায় কোম্পানিটি।

সংবাদ সম্মেলনে ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ বলেন, ওষুধ ব্যবসায় লোকসানের কথা বলা হলেও প্রতিষ্ঠানটি প্রতিবছরই মুনাফা করেছে। গত দুই বছরে অবকাঠামো সংস্কার ও কর্মসহায়ক পরিবেশ তৈরির নামে নানা খাতে অপ্রয়োজনীয় খরচ করে ব্যয় বাড়ানো হয়েছে। ঢাকায় করপোরেট অফিসের নামেও প্রতি মাসে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে। অবকাঠামো সংস্কার, ভ্যাকুয়াম যন্ত্র সংগ্রহ, বজ্রনিরোধক দণ্ড বসানোর নামে অস্বাভাবিক ব্যয় দেখানো হয়েছে। তবুও লাভজনক ছিল প্রতিষ্ঠানটি।

ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আজম অভিযোগ করে লিখিত বক্তব্যে বলেন, গ্ল্যাক্সোর সাবেক একজন ব্যবস্থাপনা পরিচালক (পাকিস্তানি নাগরিক) দুই বছর ধরে কারখানা সরিয়ে নেওয়ার তৎপরতা চালিয়েছেন। কারখানা বন্ধ করার তৎপরতা আড়াল করার জন্য কারখানায় আধুনিকায়ন ও কর্মসহায়ক পরিবেশ তৈরির নামে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। কারখানা বন্ধের এই ষড়যন্ত্র কার্যকর করতে কাঁচামাল আমদানি কমিয়ে দেওয়া হয়েছে। উৎপাদিত অনেক ওষুধ গুদামে থাকার পরও বাজারজাত করা হয়নি।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি তপন দত্ত বলেন, গ্ল্যাক্সো বন্ধ করার অর্থ হচ্ছে এ দেশের মানুষকে মানসম্পন্ন ওষুধ সুলভে পাওয়ার পথ বন্ধ করে দেওয়া। শ্রমিকনেতা সফর আলী বলেন, বাংলাদেশের আইন না মেনেই কারখানাটি বন্ধ করা হয়েছে। এটি ষড়যন্ত্র।

কোম্পানি সূত্রে জানা গেছে, ১৯৬৩ সালে ফৌজদারহাট শিল্প এলাকায় কারখানাটি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৬ সালে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত হয় এটি। প্রতিষ্ঠানটির মালিকানার ৮১ দশমিক ৯৮ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৫ দশমিক ৯৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১ দশমিক ১৮ শতাংশ সাধারণ বিনিয়োগকারী এবং দশমিক ৯১ শতাংশ বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে।