গৎবাঁধা পেশার বাইরে নারীরা
পেশা নির্বাচনে পুরোনো গৎ ভেঙে ফেলছেন নারীরা। পেশা নির্বাচনে তাঁরা এখন স্বাধীন। সাম্প্রতিক সময়ে এমন অনেক পেশায় নারীদের দেখা যাচ্ছে, আগে যেগুলোয় শুধু পুরুষদের দেখতে অভ্যস্ত ছিল সবাই।
২০১০ সালে এটিএন নিউজ চ্যানেলে ইলেকট্রনিক নিউজ গ্যাদারিং (ইএনজি) ক্যামেরাপারসন হিসেবে যোগ দেন নুসরাত নাহার নাজরীন। এখন আছেন সময় টেলিভিশনে। ভারী যন্ত্রপাতি নিয়ে ছুটছেন খবর আর ঘটনার পেছনে।
চ্যালেঞ্জের কথা জানতে চাইলে নুসরাত হাসতে হাসতে বলেন, ‘ক্যামেরা আর ট্রাইপডের ওজন ১৫ কেজির বেশি; এটা সামলানোই সবচেয়ে কঠিন।’ এরপর যোগ করেন, ‘জনসভা বা বাইরে কাজ করার সময় হঠাৎ মারামারি বা হট্টগোল লেগে গেলে নিজেকে বাঁচিয়ে ভালো ফুটেজ সংগ্রহ করাই বড় চ্যালেঞ্জ।’
অনামিকা পাল ইএনজি ক্যামেরাপারসন হিসেবে আছেন যমুনা টেলিভিশনে। আত্মীয়স্বজন শুরুতে সহজভাবে নেননি। অনামিকা বলেন, ‘আমার উচ্চতা অনেক কম। সহকর্মীদের সহযোগিতা ছাড়া ফুটেজ নেওয়া কঠিন।’
ফারজানা জেরিন ও প্রিয়াম নিয়ান ডি’রোজারিও ইএনজি ক্যামেরাপারসন হিসেবে আছেন ডিবিসি চ্যানেলে। ফারজানা বলেন, ‘এখানে নারীদের কাজ করার সুযোগ আছে। তবে তার জন্য দরকার মানসিক প্রস্তুতি। কাজের প্রতি ভালোবাসাও জরুরি।’
উত্তাল ঢেউয়ের সঙ্গে পাল্লা
পটুয়াখালীর গলাচিপায় সাগর মোহনায় উত্তাল নদ বুড়াগৌরাঙ্গতে স্পিডবোট চালান নয়জন নারী।
বোটচালক খাদিজা নূপুরের বিয়ে হয়ে গিয়েছিল ১০ বছর বয়সে। স্বামী মারা গেলে দুই ছেলে নিয়ে ঠাঁই হয় বাবার বাড়ি। পঞ্চম শ্রেণি পাস খাদিজা সংসারের হাল ধরতেই একটি বেসরকারি সংস্থার মাধ্যমে স্পিডবোট চালানো শেখেন। খাদিজা বলেন, ‘বোট চালাইতে যাইয়া মাইনষের অনেক কতা হুনছি; কিন্তু মাইয়ারা চাইলে সব কামই করতে পারে।’
খাদিজার মা মিনারা বেগমও মেয়ে হয়ে স্পিডবোট চালানো পছন্দ করেন না। তিনি বলেন, ‘মাইয়া-জিবুতের এই কাম ভালা না; তয় সোংসারের কতা চিন্তা কইর্যাা মাইন্যা লইছি।’
আরেকজন স্পিডবোট চালক কুলসুম বেগম বলেন, ‘আয়-রুজি করলে সোংসারে মাইয়া-মাইনষের দাম (গুরুত্ব) বাড়ে।’
বিয়েবাড়ির ফটোগ্রাফার
ওয়েডিং ফটোগ্রাফি করেন এমন কয়েকজন নারীর ফটোগ্রাফির নিজস্ব প্রতিষ্ঠানও রয়েছে। তাঁদের দুজন হলেন ইশরাত আমিন ও তাসফিয়া মুনতাসির রাইসা।
আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে স্থাপত্যবিদ্যায় পড়াকালীন ফটোগ্রাফিতে হাতেখড়ি তাসফিয়ার। এখন সেটাই পেশা। নিজেই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সেখানে আরও পাঁচ নারী কাজ করছেন। তাসফিয়া বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে কাজটি চ্যালেঞ্জিং। অনেকে নারীদের ওপর ভরসা করতে পারেন না। পরিবার এ ক্ষেত্রে প্রধান বাধা। তিনি বলেন, ‘অনেকে এখন নারী ফটোগ্রাফার দিয়েই বিয়ের ছবি তোলাতে চান। কারণ, নারীরা দায়িত্ব নিয়ে কাজ করতে ভালোবাসে।’
আরেক ওয়েডিং ফটোগ্রাফার শাহজাদী রাবেয়া বসরিন বলেন, মানুষ এখন ফটোগ্রাফির মূল্যায়ন করেন। সব কাজেই কিছু চ্যালেঞ্জ থাকে। সেটা জয় করতে পারলেই সফলতা নিশ্চিত।
মেয়েরা ভালো চালক
গাড়িচালক লুচি কাকলী গোমেজ ও ফারজানা শিমু মনে করেন, ছেলেদের থেকে মেয়েরা ভালো এবং সতর্কতার সঙ্গে গাড়ি চালান। এ জন্য দুর্ঘটনাও নারীদের হাতে কম হয়।
১১ বছর ধরে একটি বেসরকারি সংস্থায় কাজ করছেন লুচি কাকলী। এখনো বড় কোনো দুর্ঘটনার শিকার হননি। চাকা বদলানো, হর্ন ঠিক করা, ব্যাটারি বদল—এসব কাজ নিজ হাতেই করেন। তবে রাস্তায় তাঁদের নানা ধরনের সমস্যার মুখে পড়তে হয়। পুরুষ চালকেরা সাইড দিতে চান না, কোণঠাসা করতে চান। অনেকে কটূক্তি করেন।
নারী গাড়িচালকেরা মূলত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। কেউ কেউ ব্যক্তিগত গাড়িও চালান।
বরিশালের গৌরনদীর মেয়ে ফারজানা বলেন, নারীর জন্য পেশা আলাদা করার সময় ফুরিয়েছে।