বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়ে ৭০ দশমিক ৯ বছর হয়েছে। মাস-দিনের হিসাবে একজন মানুষ ৭০ বছর ১০ মাস ২৪ দিন বাঁচেন। এর আগের বছরের হিসাবে, গড় আয়ু ছিল ৭০ দশমিক ৭ বছর বা ৭০ বছর ৮ মাস ১১ দিন।
তবে পুরুষের চেয়ে নারীরা গড়ে আড়াই বছর বেশি বাঁচেন। গড়ে নারীরা ৭২ বছর এবং পুরুষেরা ৬৯ দশমিক ৪ বছর বাঁচেন।
গতকাল বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ২০১৪ সালের মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকসের ফলাফলে এ চিত্র পাওয়া গেছে। এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
প্রতিবেদন অনুযায়ী, দেশের জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার অপরিবর্তিত রয়েছে। ২০১৫ সালে ১ দশমিক ৩৭ শতাংশ হারে জনসংখ্যা বেড়েছে। এর আগের দুই বছরেও এ হার ছিল।
তবে মোট প্রজননের হার কিছুটা কমেছে। বিবিএসের হিসাবে, ২০১৫ সালে প্রজননের হার ২ দশমিক ১০ শতাংশ। এর মানে হলো, ১৫ থেকে ৪৯ বছর বয়সী প্রজননসক্ষম মা সারা জীবনে গড়ে ২ দশমিক ১০ সংখ্যায় বাচ্চা জন্ম দেন। ২০১৪ সালে মোট প্রজননের হার ছিল ২ দশমিক ১১ শতাংশ।
পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বৃদ্ধির কারণ সম্পর্কে পরিকল্পনামন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, নারীরা কম চাপ নেন। পুরুষেরা বেশি অনিয়ম করেন, হার্ট অ্যাটাকে বেশি আক্রান্ত হন। নারীদের হার্ট অ্যাটাক কম হয়। তবে নারীর গড় আয়ু বৃদ্ধি একটা সুখবর।
বিয়ে: নারী-পুরুষ উভয়েই আগের চেয়ে বেশি বয়সে বিয়ে করছেন। বিবিএস বলছে, নারীদের বিয়ের গড় বয়স এখন ১৮ দশমিক ৭ বছর আর পুরুষেরা গড়ে ২৬ দশমিক ৪ বছরে বিয়ে করেন। শহরের চেয়ে গ্রামের নারীদের অপেক্ষাকৃত অল্প বয়সে বিয়ে হয়। শহরে গড়ে ১৯ দশমিক ৮ বছরে বিয়ে হয়। আর গ্রামে এ গড় বয়স ১৮ দশমিক ৩ বছর।
একটু দেরিতে বিয়ে করার কারণে অবিবাহিত নারীর সংখ্যাও বাড়ছে। ২০১৫ সালের হিসাবে, বাংলাদেশে ১০ বছরের বেশি বয়সী নারীদের মধ্যে ২৬ দশমিক ১ শতাংশই অবিবাহিত। আগেরবার এ হার ছিল ২৫ দশমিক ৫ শতাংশ। ২০১৫ সালে মোট নারীদের মধ্যে ৬৪ দশমিক ১ শতাংশই বিবাহিত। তবে বিধবা, স্বামী পরিত্যক্তা, ডিভোর্সি ও আলাদা থাকা নারীর সংখ্যা বেড়েছে। বিবিএস বলছে, ২০১৫ সালে এমন নারী আছেন ৯ দশমিক ৮ শতাংশ। আগের বছর এ হার ছিল ৯ দশমিক ১ শতাংশ।
একইভাবে বিপত্নীক, তালাকপ্রাপ্ত ও আলাদা থাকা পুরুষের সংখ্যাও বেড়েছে। এখন এমন পুরুষ ১ দশমিক ৭ শতাংশ। ২০১৪ সালে ছিল ১ দশমিক ১ শতাংশ। ১০ বছরের বেশি বয়সী পুরুষদের মধ্যে অবিবাহিতদের হার কিছুটা কমে ৩৮ দশমিক ৬ শতাংশ হয়েছে। বিবাহিত পুরুষের হারও কিছুটা কমে ৫৯ দশমিক ৭ শতাংশ দাঁড়িয়েছে।
মৃত্যু: ২০১৫ সালের হিসাবে, স্থূল মৃত্যু, সব বয়সী শিশুমৃত্যু, মাতৃমৃত্যুর হার হ্রাসে আরও অগ্রগতি হয়েছে। বাংলাদেশে প্রতি এক হাজারে এক বছর বয়সী শিশুদের মধ্যে গড়ে ২৯ জনের মৃত্যু হয়। নানা ধরনের রোগবালাইয়ে বেশি মৃত্যু হয়। জীবিত জন্ম হয়, কিন্তু এক মাস বয়স হওয়ার আগেই মারা যায়, এমন নবজাতকের সংখ্যা প্রতি হাজারে ২০। একইভাবে ১ থেকে ১১ মাস বয়সী শিশুদের মধ্যে প্রতি হাজারে গড়ে ৯ জন মারা যায়। আর এক থেকে চার বছর বয়সীদের মধ্যে এ সংখ্যা হাজারে ২। পাঁচ বছরের নিচে প্রতি হাজারে গড়ে ৩২টি শিশু মারা যায়।
অন্যদিকে সন্তান জন্মদানের সময় প্রতি এক লাখ মায়ের মধ্যে গড়ে ১৮১ জন প্রসবে জটিলতার কারণে মারা যান। আর একটি নির্দিষ্ট এলাকায় এক বছরে এক হাজারের মধ্যে গড়ে ৫ দশমিক ১ জন মারা যান। এটি স্থূল মৃত্যুহার।
শিক্ষা: এক বছরের ব্যবধানে শিক্ষার হার বেড়েছে। সাত বছর ও এর বেশি বয়সের জনগোষ্ঠীর মধ্যে ৬৩ দশমিক ৬ শতাংশই শিক্ষিত। তাঁরা সাক্ষরজ্ঞানসম্পন্ন। এ বয়সী জনগোষ্ঠীর পুরুষদের মধ্যে ৬৫ দশমিক ৬ শতাংশ ও নারীদের ৬১ দশমিক ৬৬ শতাংশ সাক্ষরজ্ঞানসম্পন্ন। শহরে সাক্ষরতার হার ৭৩ দশমিক ৩ শতাংশ, আর গ্রামে ৫৭ দশমিক ২ শতাংশ। ২০১৫ সালে নারী-পুরুষনির্বিশেষে সারা দেশে শিক্ষার হার ছিল ৫৮ দশমিক ৬ শতাংশ।
অন্যান্য: বিবিএসের হিসাবে, দেশে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার এক বছরের ব্যবধানে কিছুটা কমেছে। ৬২ দশমিক ১ শতাংশ দম্পতি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করেন। তবে খানা বা পরিবারের গড় সদস্যসংখ্যা আগের চেয়ে বেড়েছে। ২০১৫ সালে খানার গড় সদস্যসংখ্যা গড়ে ৪ দশমিক ৪। আগেরবার এ সংখ্যা ছিল ৪ দশমিক ৩।
বিবিএস আরও বলছে, দেশের স্থূল প্রতিবন্ধিতার হার ৮ দশমিক ৮ শতাংশ। এর মানে হলো, একটি এলাকার ১ হাজার মানুষের মধ্যে ৮ দশমিক ৮ শতাংশ মানুষ কোনো-না-কোনোভাবে প্রতিবন্ধী।
বিবিএসের মহাপরিচালক আবদুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিবিএসের প্রকল্প পরিচালক এ কে এম আশরাফুল হক। এ সময় আরও বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, ইউনিসেফের বাংলাদেশের প্রতিনিধি অ্যাডওয়ার্ড বেইগবেডের এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের (এসআইডি) সচিব কে এম মোজাম্মেল হক।