গড় আয়ু বাড়লে নারীর স্কুলে যাওয়া বাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গড় আয়ু বাড়লে নারীর স্কুলে যাওয়া বাড়ে। গড় আয়ু বাড়লে পুরুষ শ্রমশক্তি বাড়ে। গড় আয়ুর বৃদ্ধি জীবনব্যাপী উপার্জনের ওপর কোনো প্রভাব ফেলে না। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক গবেষণায় এই তথ্য পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার বিআইডিএসের বার্ষিক গবেষণা সম্মেলনের পঞ্চম কারিগরি অধিবেশনে এই গবেষণার তথ্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানের গবেষণা ফেলো মঈনুল হক। দুই দিন ব্যাপী এই সম্মেলন গতকাল রাজধানীর একটি হোটেলে শুরু হয়েছে।

‘হেলথ, এডুকেশন অ্যান্ড লেবার মার্কেট আউটকামস ইন বাংলাদেশ’ শীর্ষক উপস্থাপনায় মঈনুল হক বলেন, জীবনের শুরুতে যদি জানা যায় একজন ব্যক্তি কত দিন বাঁচবে তা হলে তার জন্য বিনিয়োগ কি হবে তাও অনেকটা ঠিক হয়ে যায় এবং অনেক সম্ভাবনার দুয়ার খুলে যায়। কিন্তু গড় আয়ু ও স্কুলে উপস্থিতি বৃদ্ধির উপাত্ত পর্যালোচনা করে তিনি দেখেছেন, গড় আয়ু এক বছর বাড়লে নারীর স্কুলে থাকা শূন্য দশমিক ১১ থেকে ১৭ বছর বাড়ে। পুরুষের ক্ষেত্রে তা ঘটে না। অন্যদিকে গড় আয়ু বাড়লে শ্রমশক্তিতে অংশগ্রহণ বাড়ে শূন্য দশমিক পাঁচ শতাংশ। তবে এটি ঘটে মূলত পুরুষের ক্ষেত্রে।