গড়াই খননের সুফল মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় গড়াই নদ পুনরুদ্ধার প্রকল্পের কাজ শেষ হলেও সুফল পাচ্ছে না মানুষ। পদ্মা নদী থেকে গড়াইয়ে পানি ঢোকার উৎসমুখ তালবাড়িয়া মহানগর ট্যাগ এলাকায় পলি জমায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
কয়েকটি সূত্রে জানা গেছে, খনন প্রকল্পে নদে উৎসমুখ থেকে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে ১৫০ কোটি টাকা ব্যয়ে দুই হাজার ২০০ মিটারের ফ্লো-ডিভাইডার, ১২০ কোটি টাকা ব্যয়ে এক হাজার ৯৮৭ মিটার গঙ্গা-গড়াই গাইড বাঁধ নির্মাণ করার কথা ছিল। নকশায়ও এ বিষয়গুলো উল্লেখ ছিল। তবে বাস্তবে সেটা করা হয়নি। এতে গত বছর বন্যায় নদের উৎসমুখ মহানগর ট্যাগসহ পদ্মা নদী ঘেঁষা হরিপুর ইউনিয়নের বেশ কয়েক কিলোমিটার এলাকা ভাঙনে হারিয়ে যায়।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে সরকার নদ খনন প্রকল্পের জন্য ৪২০ কোটি টাকা বরাদ্দ দেয়। কয়েক বছর পর অনিয়ম ও দুর্নীতির কারণে প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়। এরপর সরকার সুন্দরবন বাঁচানোর লক্ষ্যে ৯৪২ কোটি টাকা ব্যয়ে খনন প্রকল্প হাতে নেয়। গড়াই নদ পুনরুদ্ধার প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) কাজ পায় চীনের চায়না হারবার নামের একটি প্রতিষ্ঠান। ২০১১ সালে নদের উৎসমুখ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার তালবাড়িয়া থেকে খোকসা উপজেলার ৩০ কিলোমিটার নদীপথ খননের পরিকল্পনা হয়। গত বছরের জুনে প্রকল্পের কাজ শেষ হয়েছে। এখন দায়িত্ব পেয়েছে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড। খনন শুরু হওয়ার পর প্রথম দুই বছর পানি প্রবাহ স্বাভাবিক থাকলেও এ বছর পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, পদ্মা নদী থেকে গড়াইয়ে পানি ঢোকার উৎসমুখ তালবাড়িয়া মহানগর ট্যাগ এলাকায় পলি পড়ে উঁচু হয়ে গেছে। কয়েক মাস ধরে স্বাভাবিক গতিতে গড়াই নদে পানি আসছে না। উৎসমুখ থেকে এক কিলোমিটার ভেতরের দিকে গেলেই শালদা ও জুড়িয়া এলাকার মধ্যভাগে অবস্থিত কপুদা ঘাট। কয়েক মাস আগেও এখানে নৌকায় পারাপার হতো লোকজন। এখন ঘাট দিয়ে হেঁটে পারপার হচ্ছে লোকজন। পার হওয়ার জন্য এ ঘাটে তিন হাত লম্বা একটি বাঁশের তৈরি সাঁকো রয়েছে। পানি আছে মাত্র এক হাত। হরিপুর, ঘোড়ারঘাট, কুমারখালি মাছ উদ রুমী সেতু এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় নদ শুকিয়ে চর পড়ে গেছে।
কপুদা ঘাটে সাইকেল নিয়ে পার হচ্ছিলেন জুড়িয়া গ্রামের বিস্কুট ব্যবসায়ী মজনু প্রামাণিক। তিনি বলেন, ‘কোটি কোটি ট্যাকা খরচ কইরি মাটি খুইরি কী লাভ হইলি।’
মৎস্যজীবী অমল মণ্ডল বলেন, ‘খনন শুরু হওয়ায় ভেবেছিলাম আগের মতোই মাছ ধরতে পারব। মাছ ধরা তো দূরের কথা, গরু-ছাগলের গা ধোয়ানোর পানিটুকু নাই।’
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও খননকাজে দায়িত্বরত প্রকৌশলী আবদুস সাত্তার বলেন, গত বছর বন্যা বেশি হওয়ায় নদের উৎসমুখে পলি পড়ে ভরাট হয়ে গেছে। ফলে নদে এক ইঞ্চি পানি নেই। উৎসমুখে খননের কাজ চলছে। কয়েক মাস পর পানি প্রবাহ স্বাভাবিক হয়ে যাবে। তবে প্রতিবছর খনন না করলে ভালো সুফল মিলবে না।
জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, খননে অনিয়মের ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নদী-বিশেষজ্ঞদের খনন কার্যক্রম সরেজমিন পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।