গড়াই নদে ডুবে জগন্নাথের শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কোনাগ্রামে গড়াই নদে ডুবে আজ শুক্রবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও এক স্কুল শিক্ষার্থীর
মৃত্যু হয়েছে।
মারা যাওয়া দুজন হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী দীপ্ত ও স্থানীয় খোর্দ্দরামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী সৌরভ মুন্সী। নারুয়া ইউনিয়নের দীপ্তর কাকা নকুল কুমার বিশ্বাস বলেন, ঈদের ছুটিতে ঢাকা থেকে দুই বন্ধুকে নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে আসে দীপ্ত। বেলা তিনটার দিকে বাড়ি থেকে হাঁটা দূরত্বে নদে গোসল করতে যায় তিন বন্ধু। সঙ্গে ছিল গ্রামের আরেক বন্ধু। একপর্যায়ে স্রোতের কারণে তিনজন তলিয়ে যায়। অপরজন দুজনকে তুলতে সক্ষম হলেও দীপ্তকে পাওয়া যায়নি। পরে এলাকার আরও লোকজনের সহায়তায় দীপ্তকে পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দীপ্তকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে সৌরভের বাড়ির প্রতিবেশী সোহেল রানা জানান, বিকেলে খেলতে গিয়ে নদীতে বল পড়ে যায়। পরে বল তুলতে গেলে সৌরভ নদে পড়ে স্রোতের কারণে তলিয়ে যায়।
নারুয়া ইউপি চেয়ারম্যান আবদুস সালাম দুটি ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।