দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে লবণাক্ততা থেকে রক্ষা করতে হলে অবশ্যই গড়াই নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে হবে। গড়াই না বাঁচলে সুন্দরবন থাকবে না। দেশের উপকূলভাগে মিঠাপানির একমাত্র উৎস গড়াই নদী। কুষ্টিয়ায় ‘গড়াই বাঁচাও সুন্দরবন বাঁচাও’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব অভিমত ব্যক্ত করেছেন।বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গত শনিবার কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে সেমিনারের আয়োজন করে পদ্মা-গড়াই রিভার এরিয়া ওয়াটার পার্টনারশিপ। আনোয়ারুল করীমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন। সেমিনারে বক্তারা বলেন, গড়াইয়ের আজকের এ করুণ দশার প্রধান কারণ ফারাক্কা বাঁধ। গঙ্গা নদীর উজানে পানির পরিমাণ এখনো আগের মতোই আছে। অথচ পানিপ্রবাহ কমে যাওয়ার মিথ্যা অজুহাত দেখিয়ে ভারত গঙ্গা চুক্তি অনুযায়ী বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা দিচ্ছে না। সরকারকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে হবে।