গড়াইয়ের খনন বন্ধ করায় ২২৫ কোটি টাকা ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গড়াই নদীর নাব্যতা ও গতিপ্রবাহ বাড়ানোর লক্ষ্যে নদী খনন ও রক্ষণাবেক্ষণের কাজ বন্ধ করে দেওয়ায় সরকারের ২২৫ কোটি টাকা ক্ষতি হয়েছে। ১৯৯৭ সালে বিগত আওয়ামী লীগ সরকার গড়াই নদীর ৩০ কিলোমিটার খননের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিল। কিন্তু ১৯ কিলোমিটার খননের পর ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে বাকি নদী খনন ও রক্ষণাবেক্ষণের কাজ বন্ধ করে দেয়। এতে নদীর নাব্যতা প্রায় পূর্বাবস্থায় ফিরে গেছে এবং সরকারের পুরো ২২৫ কোটি টাকাই অপচয় হয়েছে।গতকাল সোমবার সংসদ ভবনে অনুমিত হিসাবসম্পর্কিত সংসদীয় কমিটির সভায় পানিসম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। সভায় কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান সভাপতিত্ব করেন। কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ, হাফিজ আহমদ মজুমদার, এস কে আবু বাকের ও মোহাম্মদ রফিকুল ইসলাম সভায় অংশ নেন।সভায় পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম ও জাতীয় পানিনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি গড়াই নদী খনন ও রক্ষণাবেক্ষণ না করার কারণে আর্থিক ক্ষতির ব্যাপারে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন তৈরির সুপারিশ করেছে। একই সঙ্গে এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।সভায় পানিসম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়, গড়াই নদী খনন ও রক্ষণাবেক্ষণ প্রকল্পটি ছিল একটি চলমান প্রক্রিয়া। ১৯৯৭ সালে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই প্রকল্প গ্রহণ করা হয়। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে নদী খননের পাশাপাশি তা রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়। ১৯৯৭ থেকে ২০০১ সালে ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত ১৯ কিলোমিটার খনন ও রক্ষণাবেক্ষণের কাজ চলে। কিন্তু ২০০১ সালের শেষ দিকে প্রকল্পটি আকস্মিক বন্ধ করে দেওয়া হয়।সভায় নদী থেকে বালু উত্তোলনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি বালু উত্তোলনের সমন্বিত পরিকল্পনা গ্রহণের সুপারিশ করে। সভায় জাতীয় পানিনীতি, ১৯৯৯-এর আলোকে এ পর্যন্ত কী কী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে এবং বাস্তবায়নে কী ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, সে সম্পর্কে আলোচনা করা হয়। এ-সম্পর্কিত সংসদীয় উপকমিটির মেয়াদ আরও ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।