টানা কয়েক দিন আষাঢ়ের বৃষ্টির পর গতকাল দিনটি ছিল বেশ রোদ ঝলমলে। উষ্ণ পরিবেশে বিশ্ববিদ্যালয় দিবসের উৎসবে প্রাণের উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল সোমবার ছিল দেশের সর্বোচ্চ এ শিক্ষাপ্রতিষ্ঠানের ৯২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে দিনটি পালনের মধ্য দিয়ে তাঁরা অঙ্গীকার করলেন মুক্তিযুদ্ধের চেতনায় স্বপ্নের দেশ গড়ার। ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই থেকে দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালিত হচ্ছে। দিনটি উদ্যাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সেজেছিল বর্ণাঢ্য সজ্জায়। দিনভর ক্যাম্পাসে ছিল উৎসবের আমেজ। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা সমবেত হয়েছিলেন তারুণ্যের জয়গান গেয়ে। শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী সবাই নেমে এসেছিলেন এক কাতারে।এবারের বিশ্ববিদ্যালয় দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তবুদ্ধি চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয়’। রং-বেরঙের বেলুন, ফেস্টুন ও ব্যানার নিয়ে সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে প্রাধ্যক্ষের নেতৃত্বে শিক্ষার্থীরা জড়ো হন প্রশাসনিক ভবনের সামনের মল চত্বরে। এরপর শিক্ষামন্ত্রী, উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের উপস্থিতিতে জাতীয় পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতাকা ও হলগুলোর পতাকা উত্তোলন করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশ্বমানের শিক্ষা অর্জন এবং নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশ ও জাতির অগ্রগতিতে অনন্য অবদান রেখেছে। তাই এই বিশ্ববিদ্যালয়ের কাছে দেশ ও জাতির প্রত্যাশা অনেক। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে বর্ণাঢ্য একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মল চত্বর থেকে টিএসসি মিলনায়তনে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তবুদ্ধি চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক আলোচনা সভা। সভায় প্রতিপাদ্য বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক অজয় রায়। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিষ্ঠাকাল থেকেই মুক্তবুদ্ধির চর্চায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। আরেফিন সিদ্দিক সব সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে উদার, মানবিক মূল্যবোধ সম্পন্ন, সংবেদনশীল, সত্যিকার মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।