গয়না নৌকার অদৃশ্য যাত্রী
বাগেরহাট অঞ্চলের মানুষের কাছে বিশালাকার পণ্যবাহী ‘গয়না নৌকা’ অচেনা নয়। কিন্তু সড়কপথের প্রসার ও নাব্য হারানো নৌপথ সংকুচিত হয়ে আসায় বিশাল, পেটমোটা, কিছুটা চালকুমড়ো ধাচের এই কাঠের নৌকার যাতায়াত এখন নেই বললেই চলে।
তাই হঠাৎ গত শনিবার ভোর থেকে বাগেরহাট শহর প্রান্তে ভৈরব নদের মাঝিঘাটে ভিড়ে থাকা প্রায় ৬০ ফুট লম্বা নৌকাটি অনেকের দৃষ্টি কাড়ে। তবে নৌকাটির ছই কিছুটা ভিন্ন ধরনের। সাদা ছইজুড়ে ডলফিন ও তিমির ছবি আঁকা। ক্যানভাসের ওই প্রাণীগুলোই যেন বিশাল এই নৌকার অদৃশ্য যাত্রী।
বিশেষভাবে সজ্জিত এই গয়না নৌকায় ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাসব্যাপী ডলফিন ও তিমি রক্ষায় সচেতনতামূলক ভাসমান প্রদর্শনী। আয়োজন করেছে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি। এরই অংশ হিসেবে মংলা হয়ে বাগেরহাটে আসে নৌকাটি। রোববার রাতে তারা চলে যায় মোরেলগঞ্জ, শরণখোলা, তুষখালী হয়ে খুলনার দিকে। খুলনা, বাগেরহাট, বরিশালের উপকূলবর্তী ৩০টি স্থানে এই প্রদর্শনীর ‘নাও’ ভেসে বেড়াবে ২ মার্চ পর্যন্ত।
প্রকল্পের শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচির পরিচালক এলিজাবেথ ফাহর্নি মানসুর বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা সুন্দরবনসহ বঙ্গোপসাগর উপকূলে শুশুক ও ডলফিন নিয়ে গবেষণা করছেন। সুন্দরবন ও উপকূলীয় এলাকায় পানিতে দূষণের মাত্রা বাড়ায় এদের জীবন ঝুঁকির মুখে। শুধু পূর্ব সুন্দরবন এলাকায় প্রতিবছর গড়ে অন্তত ২০টি শুশুক জেলেদের জালে বা চরে আটকে মারা যায়। তিনি বলেন, তাঁদের ধারাবাহিক গবেষণার বিভিন্ন উপাত্তকে সুন্দরবন ও সাগরে আসা জেলে, সংলগ্ন এলাকার গ্রামীণ মৎস্যজীবী, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে সহজভাবে তুলে ধরতে তাঁরা এই প্রদর্শনীর আয়োজন করেছেন।
প্রদর্শনী ঘুরে দেখা গেছে, সেখানে রয়েছে ডলফিনের কঙ্কাল, দাঁত, ছবির মাধ্যমে ডলফিন ও তিমি চেনার উপায়, বিভিন্ন ধরনের ডলফিনের প্রতিকৃতি, ডলফিন রক্ষায় করণীয়বিষয়ক মতামত, সুন্দরবনে ডলফিনের তিনটি অভয়ারণের মানচিত্র, মানুষের সঙ্গে স্তন্যপায়ী এই প্রাণীর সম্পর্ক ও সাদৃশ্যবিষয়ক তথ্যচিত্র, এদের জীবনযাত্রা ও উপকারী কার্যক্রমবিষয়ক তথ্য ইত্যাদি।
প্রদর্শনী দেখতে আসা বাগেরহাট যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রী সানজিদা ও শান্তা বলে, ‘আমরা জানতাম যে শুশুক, ডলফিন ও তিমি একপ্রকার মাছ। কিন্তু ওরা যে স্তন্যপায়ী, ওরা যে মানুষের মতো ফুসফুস দিয়ে শ্বাস নেয়, তা আমরা এই প্রদর্শনীতে এসেই জানলাম।’
একই শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ঋতি ও তানিয়া জানত শুশুকেরা মানুষের জন্য ক্ষতিকর। তাই ওদের মেরে ফেলা হয়। কিন্তু আজ তারা জেনেছে যে শুশুক খুব বুদ্ধিমান ও শান্ত প্রকৃতির। পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের বাঁচানো প্রয়োজন।