গয়নার জন্য শিশু খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর মোহনপুর উপজেলার ধোরশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী সুইটি আক্তার বন্যা (৭) গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ে যাওয়ার পথে খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ ফারুক হোসেন (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। স্বর্ণের গয়নার জন্য ফারুক হোসেন শিশুটিকে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। পারিবারিক সূত্রে জানা যায়, ধোরশা গ্রামের সমির উদ্দিনের এক ছেলে ও দুই মেয়ের মধ্যে সুইটি বড়। গতকাল সকালে সহপাঠী চঞ্চল ও রজনীর সঙ্গে সুইটি বই-খাতা নিয়ে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়ে যায়। বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে গ্রামের আইয়ুব আলীর বাড়ির কাছে গেলে তাঁর ছেলে ফারুক হোসেন সুইটিকে ধরে তাঁর বাড়ির ভেতরে নিয়ে যান। চঞ্চল ও রজনী বিদ্যালয়ে গিয়ে ঘটনাটি শিক্ষকদের জানায়। খবর পেয়ে সুইটির বাবা লোকজন নিয়ে আইয়ুব আলীর বাড়ি যান। তাঁরা ফারুক হোসেনকে বাড়িতে পেয়ে আটক করেন। এরপর লোকজন তাঁর বাড়ির ভেতরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে বাড়ির উঠানে পায়খানার হাউসের ভেতরে বস্তাবন্দী লাশ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে সুইটির লাশ উদ্ধার করে। সুইটির বাবা সমির উদ্দিন জানান, তাঁর মেয়ের কানে স্বর্ণের রিং ছিল। সেগুলো নেই। তাঁর ধারণা, মেয়ের কানের রিংয়ের জন্যই ফারুক তাকে মেরে ফেলেছে। মোহনপুর থানার ওসি আহসান হাবিব বলেন, ‘ফারুকের বাবা তাঁর মাকে তালাক দিয়েছেন। এখন ওই বাড়িতে ফারুক ও তাঁর বাবা ছাড়া আর কেউ থাকে না। বাবা ও ছেলে দুজনই মাদকসেবী। কয়েক দিন আগেও আইয়ুব আলীকে একটি মামলায় চালান দিয়েছিলাম। এই হত্যাকাণ্ডের ব্যাপারে ফারুক এখনো মুখ খোলেনি। তবে ধারণা করা হচ্ছে, স্বর্ণের রিংয়ের জন্যই শিশুটিকে খুন করা হয়েছে। এ ব্যাপারে ফারুককে আসামি করে একটি মামলা করা হয়েছে।’