গয়েশ্বর-আমানউল্লাহ কারাগারে
‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় রামপুরা থানায় করা হত্যা মামলায় বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমানের জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় মির্জা আব্বাসকে জামিন দিয়েছেন আদালত।
ঢাকার মহানগর হাকিম হারুনুর রশিদ আজ রোববার এ আদেশ দেন। আজ মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমান আদালতে আত্মসমর্পণ করে ওই মামলায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, গত ৯ মার্চ বিএনপির এই তিন নেতা হাইকোর্ট থেকে এই মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন। হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তাঁরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
গত বছরের ২৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি চলাকালে মালিবাগে ইসলামী ছাত্রশিবিরের এক নেতা নিহত হন। এ ঘটনায় বিএনপির নেতাদের আসামি করে রামপুরা থানায় একটি হত্যা মামলা হয়।